ঢাকা–১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অভিযোগ— মোট সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৮২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা দুটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক সূত্র জানায়, সংসদ সদস্য থাকাকালে ইলিয়াস উদ্দিন মোল্লাহ ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন। পাশাপাশি ৪০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ১৭৩ কোটি ৪৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। অভিযোগে বলা হয়, এসব লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে ২ কোটি ৫৩ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ মালিকানা এবং ৪টি ব্যাংক হিসাবে প্রায় ৮ কোটি ৯৭ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই দ্বিতীয় মামলাটি অনুমোদন করেছে দুদক।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

