বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আত্মসাৎ করা অর্থের পরিমাণ দুই কোটি ৫৫ লাখ ১২ হাজার ২১৪ টাকা।
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম মামলার বাদী।
মামলার আসামিরা হলেন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কর্মকর্তা (এইচআর) আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপক (হিসাব) ও ডিপো ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল হক, ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন গিয়াস, আজহার টেলিকমের স্বত্বাধিকারী মো. সোহেল রানা এবং মেসার্স মদিনা কোয়ালিটির স্বত্বাধিকারী মো. মাসুদ মিয়া।
এজাহার অনুযায়ী, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেন। তারা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাব থেকে বিভিন্ন কৌশলে অর্থ সরিয়ে আত্মসাৎ করেন। অনুসন্ধানে পাওয়া নথি ও তথ্য বিশ্লেষণে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
দুদক জানায়, অর্থ আত্মসাতের পাশাপাশি অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধও সংঘটিত হয়েছে। এ কারণে মামলায় একাধিক আইনের ধারা যুক্ত করা হয়েছে।
এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

