উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে প্রায় এক কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. আবুল ফয়েজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে প্রতারণামূলক উপায়ে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, রিল্যাক্স পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনসুরুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোয়াইবুল ইসলাম—এই তিনজনই অভিযুক্ত।
দুদক বলছে, প্রয়োজনীয় কোনো নথিপত্র জমা না দিয়ে এবং পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপন বা অনুমোদন না নিয়েই তারা প্রতিষ্ঠানের ৩০ লাখ টাকা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে স্থানান্তর করেন। পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। তদন্তে উঠে এসেছে, সুদসহ এই অর্থের পরিমাণ ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বেড়ে দাঁড়ায় ১ কোটি ১ লাখ ৮৬ হাজার ৮২৮ টাকায়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদক কর্মকর্তারা বলছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই মামলা করা হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

