স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সিকিউরিটিজে বিও অ্যাকাউন্ট খুলে নিয়মবহির্ভূতভাবে বিপুল অঙ্কের শেয়ার লেনদেনের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
দুদক সূত্র জানায়, এসব লেনদেনের মাধ্যমে অর্থের প্রকৃত উৎস গোপন করা হয়েছে এবং কর ফাঁকির আশ্রয় নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট টিম। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদক জানায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সিকিউরিটিজের চেয়ারম্যানের ভিন্ন নামে বিও অ্যাকাউন্ট খুলে বিপুল অঙ্কের শেয়ার লেনদেন করা হয়েছে। এর মাধ্যমে অর্থের প্রকৃত উৎস গোপন, কর ফাঁকিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতেই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড থেকে অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিকভাবে সেগুলো পর্যালোচনা করে অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। দুদক আরও জানায়, সংগৃহীত অবশিষ্ট রেকর্ডপত্র বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণ শেষে এনফোর্সমেন্ট টিম কমিশনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

