দায়িত্ব পালনে অনিয়ম, দুর্নীতি এবং তহবিল অপব্যবহারের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত ২০২৫ সালের নীতিমালা, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ না করে ক্রয়সংক্রান্ত কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব অনিয়মকে দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও দুর্নীতির শামিল বলে বিবেচনা করা হয়েছে।
ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে বিধি অনুযায়ী বরখাস্তকালীন সময়ে তিনি নির্ধারিত খোরাকি ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই আদেশ কার্যকর করা হয়েছে।

