পাবনার সাঁথিয়া উপজেলায় একটি আবাসিক বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ধোলাউরি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় মুদি দোকান ‘হামিম ট্রেডার্স’-এর মালিক মো. আলাউদ্দিন নিজের বাড়িতেই অবৈধভাবে একটি ডিজেল বিক্রির ব্যবস্থা গড়ে তুলেছিলেন। লাইসেন্স ছাড়াই সেখানে বড় ট্যাংকে ডিজেল মজুত রাখা হতো এবং পাইপের মাধ্যমে বিভিন্ন যানবাহনে তেল সরবরাহ করা হচ্ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, আলাউদ্দিন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সাধারণ মানুষের কাছে ডিজেল বিক্রি করতেন। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে জব্দ করা ডিজেল সরকারের নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ জ্বালানি ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলেও সতর্ক করা হয়।

