রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি পোষা বিড়ালকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় আকবর হোসেন শিবলু নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে অতিরিক্ত ১ মাস কারাভোগ করতে হবে।
আজ বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় অভিযুক্ত শিবলু আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার শুনানি শেষে গত ৩ ফেব্রুয়ারি আদালত রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছিলেন। পরে সেটি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। আদালত সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর এই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হয়। মামলায় মোট ৪জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়ালটি নিখোঁজ হয়। পরবর্তীতে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত আকবর হোসেন শিবলু বিড়ালটিকে বারবার লাথি মারছেন। এতে প্রাণীটি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাটি প্রত্যক্ষ করা এক ব্যক্তি পরে বিড়ালের মালিককে বিষয়টি জানান। এরপর তিনি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে প্রাণী অধিকার সংগঠন পিপলস ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী গত বছরের ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত ওইদিনই মোহাম্মদপুর থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর গত ১৪ জুলাই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। মামলার সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেন।

