প্রধানমন্ত্রী দেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সঙ্গে যুক্ত করে ১০ লাখ টাকার ঋণ প্রদানের নির্দেশনা প্রধানমন্ত্রীর দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিদেশে শিক্ষার্থীদের সহায়তা, শ্রমবাজার পরিস্থিতি ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নুরুল হক নুর জানান, বিদেশে শিক্ষার্থীদের জন্য ঋণ প্রদানের দায়িত্ব প্রবাসী কল্যাণ ব্যাংককে দেওয়া হবে।
বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথাও বলা হয়। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান সংকট সত্ত্বেও দেশের শ্রমবাজার তেমন প্রভাবিত হবে না। বরং যুদ্ধের পর পুনর্গঠনের কাজে বাংলাদেশের শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া, ভাষা দক্ষতা বাড়ানো ও থার্ড ল্যাঙ্গুয়েজ শেখার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপের বিষয়টি আলোচনা করা হয়।
নুরুল হক নুর আরও বলেন, জাপান ও ইউরোপে প্রবাসী কর্মী প্রেরণ ও ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। কিছু দেশের কনস্যুলার সেবা ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে, বাকি দেশগুলোকেও এই সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রচারের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের মাধ্যমে সরকারের ইতিবাচক উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এছাড়া, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের শ্রমবাজারে দ্রুত লোক পাঠানোর ব্যবস্থাও নেয়া হবে।
প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রেমিটেন্সে বড় ধরনের প্রভাব পড়বে না। সাময়িক কিছুটা ধাক্কা লাগতে পারে, কিন্তু পুনর্গঠনের কাজে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

