বাংলাদেশের অটোমোবাইল খাতে বড় পরিবর্তনে9র ইঙ্গিত মিলছে। দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে এগোচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে চীনের শীর্ষ গাড়ি নির্মাতা বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মাস্টার সাপ্লাই ও ম্যানুফ্যাকচারিং চুক্তির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সভায় প্রতিষ্ঠানের বিদ্যমান ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সংশ্লিষ্ট সূত্র।
সংশ্লিষ্টরা বলছেন, এই অংশীদারত্ব বাংলাদেশে অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো পদক্ষেপ হতে পারে। এর মাধ্যমে দেশে বৈদ্যুতিক যান উৎপাদনের পথ সুগম হবে এবং স্থানীয় শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
কোম্পানির তথ্য অনুযায়ী, চীনের শেনঝেনের পিংশান এলাকায় অবস্থিত বিওয়াইডির সঙ্গে এই সহযোগিতা রানার অটোমোবাইলসের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে। একই সঙ্গে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদন কাঠামো আধুনিকায়নের সুযোগ তৈরি করবে। আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার বিষয়ে পর্ষদ আশাবাদ ব্যক্ত করেছে।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৪৪০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ারের সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ২৪ দশমিক ৬২ শতাংশ শেয়ার।

