দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বড় আকারের ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য চাপ মোকাবিলায় তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ভূরাজনৈতিক টানাপোড়েনের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে এই আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজার থেকে ডিজেল সংগ্রহ করা হবে। এর আওতায় এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। এছাড়া সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে আরও দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহে বিঘ্ন এড়াতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

