ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে এক দিনে রেকর্ড ২ হাজার ১৪৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ঈদের আগ মুহূর্তে ১৯ মার্চ এই বিপুল লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির মাধ্যমে।
রেকর্ড লেনদেনের পরদিন অর্থাৎ ২০ মার্চও নগদে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৪ কোটি ৫৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, স্বাভাবিক দিনে গড়ে ৭৫ থেকে ৮০ লাখ লেনদেন হয়। তবে ১৯ মার্চ লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৩ লাখে। পরদিন লেনদেন হয়েছে ১ কোটি ৫২ লাখ।
নগদ জানিয়েছে, এর আগে এক দিনে দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হলেও এবারের অঙ্ক আগের সব রেকর্ড ছাপিয়েছে। বিশেষ করে এই দুই দিনে লেনদেনের বড় অংশ গঠিত হয়েছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং বিভিন্ন পেমেন্ট সেবার মাধ্যমে। পাশাপাশি প্রবাসী আয় বা রেমিট্যান্সের লেনদেনও উল্লেখযোগ্য।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এই এক দিনের রেকর্ডের পর গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “দেশের মানুষের আস্থা ও বিশ্বাসই আমাদের সাফল্যের মূল চালিকা শক্তি। উন্নত প্রযুক্তি এবং সেবার মান বৃদ্ধির ফলে গ্রাহকের আস্থা বাড়ছে, যা লেনদেনে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১৯ সালে চালু হওয়া নগদ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। দেশের প্রায় তিন লাখ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে প্রতিদিন কোটি গ্রাহককে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
উদ্ভাবনী সেবা, তুলনামূলক কম ক্যাশ আউট চার্জ এবং দ্রুত লেনদেনের সুবিধার কারণে নগদ আর্থিক খাতে পরিবর্তন এনেছে। সরকারি বিভিন্ন ভাতা ও অনুদান বিতরণেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ভবিষ্যতে কৃষক কার্ড, ইমাম–মুয়াজ্জিন ভাতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচিতেও নগদ সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা করছে।

