জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুতদারি রোধে দেশজুড়ে নজরদারি জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি জেলায় বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। একই সঙ্গে, তেল অবৈধভাবে মজুত করার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিলে পুরস্কারের ব্যবস্থাও করা হচ্ছে।
শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাজারে জ্বালানি তেলের সরবরাহ সুষ্ঠু রাখতে মাঠপর্যায়ে কঠোর তদারকি চালানো হবে। কোনো ধরনের অনিয়ম বা মজুতদারি যেন না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় রাখা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অবৈধ মজুতদারি প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে সরকার। সচেতন নাগরিকদের নির্দিষ্ট তথ্য বা অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই করে সত্যতা মিললে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
সরকারের এ উদ্যোগকে জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

