জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, এখন থেকে করদাতারা সারা বছর অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন। তবে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের জন্য বিশেষ সুবিধা থাকবে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদপ্তরে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ তথ্য জানান। আজ থেকে সাংবাদিকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার শুরু হয়েছে। এই আলোচনায় অংশ নিচ্ছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো)।
প্রসঙ্গত, প্রতি বছর জুন শেষে থেকে পরবর্তী বছরের নভেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার নিয়ম থাকলেও চলতি বছর তা ৩১ মার্চ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। আজ, সময়ের শেষ দিনে এনবিআর চেয়ারম্যান এই ঘোষণা দেন।
এর আগে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না করলে প্রদেয় আয়করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হতো। পাশাপাশি, বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে কর রিবেট সুবিধাও বাতিল হতো।

