রাজধানীর আগারগাঁওয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, দেশের অতি ধনীদের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত আয়কর হার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা চলছে। নতুন কর হার সম্ভবত ২০২৭-২৮ অর্থবছর থেকে কার্যকর হবে।
চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “আমাদের পরিকল্পনা আছে আগামী অর্থবছরের পরের বছর থেকে এটি কার্যকর করার। এই প্রস্তাবটি আমি মাননীয় অর্থমন্ত্রীকে উপস্থাপন করব।”
তিনি জানান, বর্ধিত কর হার প্রযোজ্য হবে ‘সুপার রিচ’ গ্রুপের ওপর, যারা বার্ষিক আয়ে ১ কোটি টাকা, ১.৫ কোটি টাকা বা ৫ কোটি টাকার বেশি উপার্জন করে। “আমরা এমন নির্দিষ্ট অতি ধনী গ্রুপের ওপর এই কর হার চালু করতে পারি,” বলেন তিনি। কেবল আয়কর বাড়ানোই নয়, তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধিতেও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
সভায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

