জাপানের সহায়তায় দেশের কৃষিভিত্তিক শিল্পে নতুন অর্থায়নের দুয়ার খুলছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ দিতে বড় উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-র সহায়তায় কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হবে। এই ঋণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে, যেখানে সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।
এ উদ্যোগ বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশন তাদের ক্রেডিট হোলসেলিং কার্যক্রম আরও বিস্তৃত করছে। এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি।
চুক্তিতে এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিআইএফএফএলের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিসুজ্জামান স্বাক্ষর করেন। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, বিআইএফএফএলের ‘ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের তহবিল থেকে এই অর্থায়ন করা হবে। এর মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ সুবিধা পাবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্থায়ন কৃষি-নির্ভর শিল্পে নতুন গতি আনবে এবং উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

