বাংলাদেশের তৈরি পোশাক খাত পরিবেশবান্ধব কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন সনদপ্রাপ্ত বিশ্বের সেরা ১০০ কারখানার মধ্যে ৫২টি কারখানা বাংলাদেশের।
শিল্প উদ্যোক্তাদের মতে, পরিবেশবান্ধব বা সবুজ কারখানা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক খাতকে বিশেষ মর্যাদা দিয়েছে। এসব কারখানায় উৎপাদিত পণ্যে ‘গ্রিন ট্যাগ’ থাকায় ক্রেতারা পণ্যের পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হন। ফলে বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের আস্থা বাড়ে। পাশাপাশি এসব কারখানায় উৎপাদিত পণ্যের দরকষাকষি করার সুযোগও বেড়ে যায়। উদ্যোক্তারা বলছেন, সবুজ কারখানা শুধুমাত্র পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে না, দেশের পোশাক খাতের ইতিবাচক ব্র্যান্ড ইমেজ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিদায়ী ২০২৫ সালে এক বছরে সর্বোচ্চ ৩৮টি কারখানা Leadership in Energy and Environmental Design (LEED) সনদ অর্জন করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে দেশে মোট ২৮০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা রয়েছে, যার মধ্যে ১১৮টি প্লাটিনাম এবং ১৪৩টি গোল্ড রেটিং অর্জন করেছে। এর ফলে বিশ্বে সবুজ কারখানার সংখ্যায় বাংলাদেশের শীর্ষস্থান আরও দৃঢ় হয়েছে।
বিশ্বব্যাপী সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড কারখানার মধ্যে ৫২টি বাংলাদেশে অবস্থিত। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই উৎপাদন, জ্বালানি দক্ষতা, পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় বিনিয়োগের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।
গত রবিবার (২৯ মার্চ) আরও পাঁচটি পোশাক কারখানা নতুন লিড সনদ অর্জনের তথ্য জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি। এর মধ্যে তিনটি কারখানা গোল্ড এবং দুটি প্লাটিনাম রেটিং পেয়েছে।
নতুন সনদপ্রাপ্ত কারখানাসমূহ:
- এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কো. লিমিটেড (ইউনিট-৭), নারায়ণগঞ্জ – নতুন নির্মাণ ক্যাটাগরিতে ৬৭ পয়েন্ট পেয়ে গোল্ড। পরিবেশবান্ধব অবকাঠামো, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও দক্ষ বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্বীকৃতি।
- সুরমা গার্মেন্টস লিমিটেড, ঢাকা – বিদ্যমান ভবনের পরিবেশবান্ধব পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৭১ পয়েন্টে গোল্ড।
- নাফা অ্যাপারেলস লিমিটেড-ইউনিট ০২, ধামরাই, ঢাকা – নতুন নির্মাণে ৬৫ পয়েন্টে গোল্ড, আধুনিক অবকাঠামো ও জ্বালানি দক্ষ প্রযুক্তির কারণে স্বীকৃতি।
- উইন্টার ড্রেস লিমিটেড, সাভার – বিদ্যমান ভবনের পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় ৮৫ পয়েন্টে প্লাটিনাম।
- মেহের গার্মেন্টস লিমিটেড, চট্টগ্রাম – ৮৯ পয়েন্টে প্লাটিনাম, জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার জন্য সর্বোচ্চ রেটিং।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ এখন বিশ্বে পরিবেশবান্ধব উৎপাদনের ক্ষেত্রে একটি মডেল। নতুন কারখানা নির্মাণের পাশাপাশি পুরনো কারখানাতেও সবুজ প্রযুক্তি ও জ্বালানি দক্ষতা নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।
বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব উৎপাদনের চাহিদা দ্রুত বাড়ছে। বিদেশি ক্রেতারা এখন কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি সাশ্রয় এবং টেকসই উৎপাদনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশ ইতোমধ্যে সেই চাহিদার সঙ্গে খাপ খাইয়ে বিশ্বে নেতৃত্বের অবস্থান গড়ে তুলেছে।
বিশ্লেষকরা মনে করছেন, সবুজ কারখানার সংখ্যা বাড়ার ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে টেকসই উৎপাদনের গুরুত্ব বাড়ায় দেশের রফতানি প্রতিযোগিতায় ইতিবাচক প্রভাব পড়ছে। জ্বালানি দক্ষ প্রযুক্তির ব্যবহার উৎপাদন ব্যয় কমানো এবং পরিবেশগত ঝুঁকি হ্রাসেও সাহায্য করছে।
বিশেষজ্ঞরা আশা করছেন, সবুজ শিল্পায়নে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বেশি লিড সনদপ্রাপ্ত কারখানা তৈরি করবে এবং বৈশ্বিক পোশাক শিল্পে টেকসই উৎপাদনের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্ত করবে।

