জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা বলেছেন, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পর বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
গত বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজুইকি কাতাওকা বৈঠকে উল্লেখ করেন, “বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব নিল, বিনিয়োগের পরিবেশ উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। জাপানের সঙ্গে বাংলাদেশের ইপিএ স্বাক্ষর ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে অনেক জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ ধরনের বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
এদিকে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জাপানি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব নীতিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।”

