সরকার আগামী বাজেটে বিদ্যমান সারচার্জ ব্যবস্থা বিলোপ করে আবারও সম্পদ কর (ওয়েলথ ট্যাক্স) চালু করার ভাবছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, এতে কর ব্যবস্থার অসামঞ্জস্য দূর হবে এবং রাজস্ব আহরণও বৃদ্ধি পাবে।
গতকাল রবিবার (৫ এপ্রিল) এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, “বর্তমানে আয়কর আইন-২০২৩ ও অর্থ অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী তিন ধরনের সারচার্জ রয়েছে— সম্পদের ওপর সারচার্জ, পরিবেশ সারচার্জ এবং বিশেষ সারচার্জ। তবে বাস্তবে এই ব্যবস্থায় অনেক অসামঞ্জস্য দেখা দেয়।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “কেউ পৈতৃক সূত্রে গুলশানে ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারেন। কিন্তু তার নিট সম্পদ চার কোটি টাকার নিচে থাকলে সারচার্জ দিতে হয় না। ফলে কর ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়। এই অসামঞ্জস্য দূর করতে সারচার্জ বাতিল করে আগের সম্পদ কর পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”
চেয়ারম্যান আরও বলেন, “কর ব্যবস্থার মূলনীতি হলো যাদের আয় ও সম্পদ বেশি, তাদেরই সমাজে বেশি অবদান রাখা উচিত। কিন্তু অনেক সম্পদশালী ব্যক্তি এখনো কর ব্যবস্থার বাইরে থাকছেন।”
তিনি সারচার্জ নিয়ে দীর্ঘদিন ধরে থাকা বিভিন্ন অসুবিধার কথাও তুলে ধরেন। বিশেষ করে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা অনেক সময় কাগজে সম্পদের মূল্য বেশি দেখলেও বাস্তবে তা কমে যায়। যেমন কেউ ১০ কোটি টাকা বিনিয়োগ করলে তা পরে ১০ লাখে নেমে গেলেও আগের হিসাব অনুযায়ী সারচার্জ দিতে হয়। এতে করদাতারা অযৌক্তিক চাপের মুখোমুখি হন।
বর্তমান সারচার্জ কাঠামো:
বর্তমানে নিট সম্পদ চার কোটি টাকার বেশি হলে আয়করের ওপর নির্ধারিত হারে সারচার্জ দিতে হয়। ধাপে ধাপে সারচার্জের হার বাড়ে:
- ৪–১০ কোটি টাকার নিট সম্পদ: ১০%
- ১০–২০ কোটি: ২০%
- ২০–৫০ কোটি: ৩০%
- ৫০ কোটি টাকার বেশি: ৩৫%
একাধিক মোটরগাড়ি থাকলে বা ৮ হাজার বর্গফুটের বেশি আবাসিক সম্পত্তি থাকলেও সারচার্জ প্রযোজ্য।
পরিবেশ সারচার্জ:একাধিক গাড়ির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ আরোপ করা হয়। সর্বনিম্ন করযোগ্য গাড়ি ছাড়া প্রতিটি গাড়ির জন্য এই সারচার্জ দিতে হয়। ইঞ্জিন ক্ষমতার ভিত্তিতে হার নির্ধারণ করা হয়েছে:
- ১৫০০ সিসি পর্যন্ত: ২৫ হাজার টাকা
- ২০০০ সিসি পর্যন্ত: ৫০ হাজার টাকা
- ২০০০–২৫০০ সিসি: ৭৫ হাজার টাকা
- ২৫০০–৩০০০ সিসি: ১ লাখ ৫০ হাজার টাকা
- ৩০০০–৩৫০০ সিসি: ২ লাখ টাকা
- ৩৫০০ সিসির বেশি: ৩ লাখ ৫০ হাজার টাকা
চেয়ারম্যান জানান, ২০২৬-২৭ করবর্ষ থেকে ইলেকট্রিক গাড়িতে পরিবেশ সারচার্জ আরোপ করা হবে না।
বিশেষ সারচার্জ:
তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর ২.৫% হারে বিশেষ সারচার্জ দিতে হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আইনগত সুবিধা না থাকলে ওই প্রতিষ্ঠানের আয়ের ওপরও একই হারে সারচার্জ প্রযোজ্য।

