চলতি বছরের এপ্রিলের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি দাঁড়ায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকা (ডলারপ্রতি ১২২ টাকা হিসেবে)। হিসাব করলে দেখা যাচ্ছে, দৈনিক গড়ে দেশের অর্থনীতিতে ঢুকছে এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স।
গতকাল রোববার (৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ে এপ্রিলের প্রথম চার দিনে রেমিট্যান্স ছিল মাত্র ৬ কোটি ৫০ লাখ ডলার। তাই চলতি বছরে এই সময়ের মধ্যে রেমিট্যান্স বেড়েছে ৪২৫ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে দুই হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স। যেখানে গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল দুই হাজার ১৮৫ কোটি ডলার। এর মানে, রেমিট্যান্স বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।

