দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থিতিভিত্তিক এই তথ্য তুলে ধরা হয়েছে সংসদে।
সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য উপস্থাপন করেন। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি ব্যাংকিং খাতের এই চিত্র তুলে ধরেন।
একই সঙ্গে তিনি জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ রয়েছে ৩ হাজার ৩৩০ কোটি টাকা।
ব্যাংক খাতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং তার একটি অংশ জনপ্রতিনিধিদের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এতে আর্থিক খাতের শৃঙ্খলা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠছে।

