কোম্পানি করদাতাদের জন্য আবারও রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময় ১৫ এপ্রিল থেকে বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি করবর্ষে চতুর্থবারের মতো সময়সীমা বাড়ানো হলো। এর আগে ধাপে ধাপে ১৫ ফেব্রুয়ারি, ১৫ মার্চ এবং পরে ১৫ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। সর্বশেষ আদেশে আরও এক মাস সময় যুক্ত হলো।
এনবিআরের করনীতি বিভাগের দ্বিতীয় সচিব একরামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে এই সময় বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত ২০২৪–২০২৫ করবর্ষের জন্য প্রযোজ্য, যা আইন অনুযায়ী সংজ্ঞায়িত সব কোম্পানি করদাতার ক্ষেত্রে কার্যকর হবে।
সম্প্রতি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন কোম্পানির রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি জানিয়ে এনবিআরে চিঠি পাঠায়। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

