বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শেয়ার বাজার পর্যবেক্ষণে দেখা যায়, পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দুই ঘণ্টার ব্যবধানে ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৩ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আগের দিনগুলোর তুলনায় লেনদেন কার্যক্রম কিছুটা স্থবির ছিল। প্রথম দুই ঘণ্টায় ১৫২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আর বুধবার একই সময়ে হওয়া লেনদেনের পরিমাণ থেকে ১৭২ কোটি টাকা এবং মঙ্গলবার ২২৪ কোটি ৩০ লাখ টাকা কমেছে। আজ ৫৪ হাজার ৬৪৭টি লেনদেনের মাধ্যমে মোট ৫ কোটি ২৫ লাখ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
প্রধান সূচক ডিএসইএক্স কমেছে আর ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৩ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ব্লু-চিপ শেয়ারগুলো ডিএস৩০ সূচকে ১ দশমিক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৩২ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবারের লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে ১৫৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ১৪০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ৮৪টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

