বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য হিসাবে, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আয় চলতি অর্থবছরে পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। নভেম্বরের প্রথম ২৩ দিনে ১৭২ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার (১.৭৩ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে দেশে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০,৭১৬ কোটি টাকার সমপরিমাণ। সে অনুযায়ী- রেমিট্যান্স এসেছে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৭ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় পাওয়া যায়, চলতি নভেম্বরের প্রথম ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ১০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৫ কোটি ১০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ডলার।
গত জুন মাসে দেশে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসে। তবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ওই মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল প্রায় ১৯১ কোটি ডলার, যা গত ১০ মাসের মাঝে সর্বনিম্ন।
তবে আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রবণতা স্থিতিশীল হতে শুরু করে ও ওই মাসেই রেমিট্যান্স ২২২ কোটি ১৩ লাখ ডলার আসে। তারপর সেপ্টেম্বরে আসে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার এবং অক্টোবরে তা সামান্য কমার পরে আসে ২৩৯ কোটি ৫১ লাখ ডলার। সূত্র : ইউএনবি

