এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবেশগত সংকট মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি সংস্থাটি ‘পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০’ চালু করেছে।
যা জীববৈচিত্র্যের ক্ষতি, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের মতো তিনটি প্রধান সংকটের প্রতিক্রিয়া জানাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রস্তাব করে।
পরিবেশবান্ধব বিনিয়োগে গুরুত্ব-
এডিবি এই পরিকল্পনার মাধ্যমে পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায়। তাদের লক্ষ্য হলো পরিবেশবান্ধব বিনিয়োগকে উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণকে মূলধারার কর্মকাণ্ড ও বিনিয়োগে অন্তর্ভুক্ত করা। সংস্থাটি মনে করে, এটি কেবল প্রকৃতির সুরক্ষাই নয় বরং এ অঞ্চলের মানুষের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনটি স্তম্ভ ভিত্তিক পরিকল্পনা-
এই কর্মপরিকল্পনা তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে:
১. জীববৈচিত্র্য এবং ইকোসিস্টেম ব্যবস্থাপনা
২. দূষণ নিয়ন্ত্রণ এবং চক্রাকার অর্থনীতি প্রতিষ্ঠা
৩. প্রকৃতি-ভিত্তিক জলবায়ু সমাধান
এ পরিকল্পনা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য, প্যারিস চুক্তি এবং কুনমিং-মন্ট্রিল বৈশ্বিক জীববৈচিত্র কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ।
অর্থনীতি ও প্রকৃতির আন্তঃসম্পর্ক-
এডিবি’র পরিবেশ পরিচালক ইয়োকো ওয়াতানাবে বলেন, “এই কর্মপরিকল্পনা এডিবি’র উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য টেকসই এবং স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে দিকনির্দেশনা দেবে।” তিনি আরও জানান, এই অঞ্চলের প্রায় ৫০% অর্থনীতি প্রকৃতির ওপর নির্ভরশীল। ১৮ ট্রিলিয়ন ডলার মূল্যের জীববৈচিত্র্য ও প্রকৃতিগত পণ্য ও সেবার সরাসরি সম্পর্ক রয়েছে এ অঞ্চলের অর্থনীতির সাথে।
পরিকল্পনাটি আরও তুলে ধরে যে, ২০৩০ সালের মধ্যে পরিবেশবান্ধব ব্যবসায়িক মডেলগুলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ২৩২ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বার্ষিক ৪ ট্রিলিয়ন ডলার রাজস্ব উৎপাদনের সুযোগ করে দিতে পারে।
বাস্তবায়নের ধাপ-
এডিবি’র পরিকল্পনার বাস্তবায়নের জন্য তিনটি পর্যায় নির্ধারণ করা হয়েছে:
প্রাথমিক পর্যায়: উন্নত পরিবেশগত ডায়াগনস্টিকস এবং দেশের অংশীদারিত্ব কৌশলের সাথে পরিবেশগত অগ্রাধিকারগুলিকে সমন্বিত করা।
মধ্যম পর্যায়: পরিবেশগত লক্ষ্য অর্জনে সহায়ক নীতিমালা এবং প্রকল্পগুলোর পাইপলাইন তৈরি।
চূড়ান্ত পর্যায়: টেকসই ফলাফল নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্ব নিশ্চিত করা।
জলবায়ু মোকাবেলায় ইকোসিস্টেমের ভূমিকা-
সুষম ইকোসিস্টেম রক্ষা ও পুনরুদ্ধার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনাঞ্চল ও মহাসাগরসমূহ জলবায়ু সংকট নিরসনে অর্থনীতি ও সমাজকে মূল্যবান পরিষেবা প্রদান করে।
এডিবি’র এই কর্মপরিকল্পনা আঞ্চলিক জলবায়ু ব্যাংক হিসেবে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং ২০১৯ থেকে ২০৩০ সালের মধ্যে প্রশমন ও অভিযোজনের জন্য ১০০ বিলিয়ন ডলারের বেশি জলবায়ু অর্থায়নের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
এডিবি’র প্রতিশ্রুতি-
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি ৪৯টি আঞ্চলিক সদস্যসহ মোট ৬৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এডিবি চরম দারিদ্র্য দূরীকরণ এবং একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এই কর্মপরিকল্পনা এ অঞ্চলে টেকসই উন্নয়ন এবং জলবায়ু সংকট মোকাবিলায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

