জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব শুধু পেট্রোল পাম্প বা পরিবহন খাতের মধ্যে সীমাবদ্ধ নেই, এর উত্তাপ পৌঁছে গেছে মানুষের রান্নাঘর পর্যন্ত। একদিকে বেড়েছে গণপরিবহনের ভাড়া, অন্যদিকে বেড়েছে পণ্য পরিবহনের খরচ। আর এই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ ভোক্তার কাঁধে। আয় আগের মতো থাকলেও প্রতিদিনের খরচ বাড়ার কারণে সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। প্রশ্ন হলো, আয় না বাড়লেও এই বাড়তি খরচের ভার মানুষ বহন করবে কীভাবে?
জ্বালানির দাম বৃদ্ধির প্রথম ধাক্কা অনুভব করছেন যাত্রীরা। অধিকাংশ মানুষের আয় না বাড়লেও সারাদেশের বিভিন্ন রুটে যাত্রীদের এখন আগের চেয়ে বেশি টাকা শুধু যাতায়াতেই ব্যয় করতে হচ্ছে। ফলে সাধারণ মানুষের কাছে প্রতিদিনের যাতায়াত খরচও এখন নতুন এক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন চাকরিজীবী বা নিম্ন আয়ের মানুষকে মাসে শুধু যাতায়াতের পেছনেই বাড়তি কয়েকশ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। প্রশ্ন হলো, যেখানে মাসিক আয়ের বড় অংশ দিয়ে জীবনযাত্রার ব্যয় সামলাতে সংগ্রাম করতে হচ্ছে, সেখানে এই বাড়তি চাপ সামলানো কতটা সম্ভব?
একজন সাধারণ মানুষের কষ্টের জায়গাটা শুধু বাসভাড়া নয়, একই সঙ্গে বাড়ছে বাজার খরচও। আগে যে টাকা দিয়ে সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকায় পরিমাণ মত পণ্যও পাওয়া যাচ্ছে না। বাজারে গিয়ে মানুষকে এখন চাহিদার তালিকা ছোট করতে হচ্ছে। কেউ চাল-ডাল কিনে অন্য কিছু বাদ দিচ্ছেন, কেউ মাছ-মাংসের পরিমাণ কমিয়ে দিচ্ছেন। অনেক পরিবারের জন্য এখন ভালো খাবার নয়, বরং কোনোমতে মাস পার করাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান বাজার পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, সাধারণ মানুষের চাপ কতটা বেড়েছে। বাজারভেদে মোটা চালের দাম প্রায় ৬০ থেকে ৭০ টাকা কেজি, ভালো মানের চাল ৭৫ থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া, বাজারের প্রায় প্রতিটি কাঁচামালের দামই এখন তিন অঙ্কের ঘরে।
ব্রয়লার মুরগির দাম অনেক জায়গায় ১৮০ থেকে ২২০ টাকা কেজির আশেপাশে রয়েছে। গরুর মাংস কিনতে হচ্ছে প্রায় ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি বা স্থানভেদে তারও বেশি দামে। ডিম, সবজি, মাছ- প্রায় প্রতিটি পণ্যের দামই আগের তুলনায় বেশি। ফলে অনেক পরিবারের জন্য এখন প্রশ্ন, পেট ভরানোর জন্য কিনবেন, নাকি পুষ্টিকর খাবারের চিন্তা করবেন?
|
জ্বালানির দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের ক্রেতারা। কারণ কৃষকের ক্ষেত থেকে পণ্য আড়তে আসা, আড়ত থেকে বাজারে পৌঁছানো- প্রতিটি ধাপেই পরিবহন ও জ্বালানি খরচ জড়িত থাকায় বাজারে বিভিন্ন পণ্যের দামে আকাশচুম্বী চাপ তৈরি হয়েছে। সবজি, চাল, মাছ, মাংস থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্যের দামই এখন নিম্ন ও মধ্যবিত্তের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে রয়েছে। খাদ্য মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে। কারণ নিম্ন আয়ের পরিবারের আয়ের বড় অংশই খাবারের পেছনে ব্যয় হয়। ফলে খাদ্যপণ্যের দাম বাড়লে তাদের জীবনযাত্রায় সরাসরি প্রভাব পড়ে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আগের তুলনায় এখন পণ্য পরিবহনে বেশি টাকা খরচ হচ্ছে। সেই বাড়তি খরচ সামলাতে তাঁদেরও বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। পরে খুচরা ব্যবসায়ীরাও সেই বাড়তি দাম ভোক্তার কাছ থেকে নিতে বাধ্য হচ্ছেন। এভাবেই জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব এক ধাপ থেকে আরেক ধাপে গিয়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষের বাজারের ব্যাগে এসে পৌঁছাচ্ছে।
একজন ট্রাক ব্যবসায়ী বা পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তির হিসাবে, দূরের জেলা থেকে ঢাকায় পণ্য আনার ক্ষেত্রে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় একটি ট্রিপের খরচ কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। সেই বাড়তি খরচ যখন ১০ টন বা ২০ টন পণ্যের ওপর ভাগ হয়, তখন প্রতিটি কেজি পণ্যের দাম সরাসরি বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই সামান্য বাড়তি খরচ কি শেষ পর্যন্ত বাজারে অস্বাভাবিক বড় মূল্যবৃদ্ধির কারণ হয়ে দাঁড়াচ্ছে?
তবে আরেকটি উদ্বেগের জায়গা হচ্ছে, পরিবহন খরচ বাড়ার সুযোগ নিয়ে কেউ কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দামও বাড়িয়ে দিয়েছে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ ক্রেতারা। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, অনেক খুচরা দোকানি ক্রেতাদের কাছে বাড়তি দামে পণ্য বিক্রি করছে। প্রশ্ন থেকে যায়, বাজারে যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ভোক্তার স্বার্থ রক্ষা করবে কে?
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো, মানুষের আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দ্রুত বাড়ছে। একজন চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, দিনমজুর কিংবা নিম্ন আয়ের মানুষেরা একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, কীভাবে এই বাড়তি খরচ সামলাবেন? মাসের শুরুতে বাজারের বাজেট করা হলেও মাস শেষ হওয়ার আগেই সেই হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে।
বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের অনেক পরিবারের মাসিক আয়ের বড় অংশ খাবার, বাসা ভাড়া, যাতায়াত ও চিকিৎসায় চলে যায়। ফলে বাজারে ১০ টাকা, ২০ টাকা করে প্রতিটি পণ্যের দাম বাড়লেও মাস শেষে সেটি বড় আর্থিক চাপ তৈরি করে। একজন মানুষের কাছে কয়েক টাকা বাড়তি খরচ ছোট মনে হলেও একটি পরিবারের পুরো মাসের হিসাবে এর প্রভাব অনেক বড়।
অনেক পরিবার এখন বাধ্য হয়ে প্রয়োজনীয় খরচ কমিয়ে দিচ্ছে। কেউ চিকিৎসার খরচ পিছিয়ে দিচ্ছেন, কেউ সন্তানের জন্য অতিরিক্ত কিছু কেনা বন্ধ করছেন, আবার কেউ খাবারের তালিকাতেও কাটছাঁট করছেন। একজন সাধারণ মানুষের কাছে মূল্যস্ফীতি কোনো অর্থনৈতিক শব্দ নয়; এটি প্রতিদিনের জীবনের বাস্তব সংকট। বাজারে গিয়ে যখন আগের টাকায় কম পণ্য পাওয়া যায়, তখন সেই কষ্টটা সরাসরি অনুভব করেন সাধারণ ভোক্তারা।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দীর্ঘদিন যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও চাপের মুখে পড়বে। কারণ মানুষের আয় সীমিত হলেও খাদ্য, পরিবহন, বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় খরচ প্রতিনিয়ত বাড়ছে। এই চাপ শুধু অর্থনৈতিক নয়, এটি মানুষের মানসিক চাপও বাড়িয়ে দিচ্ছে। যা ধীরে ধীরে সামাজিক সংকটে রূপ নিচ্ছে?
তাই জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব মোকাবিলাসহ বাজার ব্যবস্থাপনাতেও কার্যকর নজরদারি প্রয়োজন। পরিবহন খাতে শৃঙ্খলা আনা, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখার জন্য কার্যকর উদ্যোগ না নিলে- আজ যে পরিবারগুলো হিসাব করে বাজার করছে, আগামী দিনে তাদের অনেকের কাছে হয়তো প্রয়োজনীয় জিনিস কেনাটাই বড় লড়াই হয়ে দাঁড়াবে।
মানুষের কষ্ট যদি আরেকটু গভীরে যায়, তাহলে এটি শুধু অর্থনৈতিক সংকট থাকবে না, এটি হয়ে উঠবে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই। মানুষের সহ্যের সীমা কোথায়? আর সেই সীমা অতিক্রম করলে এর পরিণতি কতটা গভীর হতে পারে?
কারণ অর্থনীতির পরিসংখ্যান দেখার আগে মানুষের জীবন কতটা স্বস্তিতে চলছে, সেটিই দেখার বিষয়। আর এখন বাস্তবতা হলো, জ্বালানির দাম বৃদ্ধির আগুন শুধু বাজারে নয়, চাপ তৈরি করছে কোটি মানুষের দৈনন্দিন জীবনে।

