Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৬টি উপখাতে অস্বাভাবিক প্রবৃদ্ধি, এলোমেলো ভুল নাকি ইচ্ছাকৃত?
    অর্থনীতি

    ১৬টি উপখাতে অস্বাভাবিক প্রবৃদ্ধি, এলোমেলো ভুল নাকি ইচ্ছাকৃত?

    রাকিবুল ইসলামনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এআই জেনারেটেড প্রতীকী ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গতকাল, শনিবার ঢাকার আগারগাঁওয়ে বিবিএস ভবনে সরকার গঠিত সাত সদস্যের একটি প্যানেল জিডিপির ফরেনসিক অডিটের খসড়া ফলাফল তুলে ধরেছে। প্যানেলের হিসাব অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছর থেকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রতি বছর ০.৭ থেকে ১.৩ শতাংশ পয়েন্ট বেশি দেখানো হয়েছে। তবে অন্য কয়েকটি প্রতিবেদনে এই ব্যবধান ০.৮ থেকে ১.১৩ শতাংশ পয়েন্ট বলা হয়েছে। প্রবৃদ্ধিকে অর্থনীতির রিপোর্ট কার্ড বলা হয়। বাজেট প্রণয়ন, ঋণ নেওয়া কিংবা বিনিয়োগের সিদ্ধান্ত, অনেক কিছুই এই একটি সংখ্যার ওপর নির্ভর করে। তাই বিষয়টি শুধু পরিসংখ্যানবিদদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রশ্ন উঠেছে, এত দিন অর্থনীতির যে চিত্র দেখে আমরা আশ্বস্ত হয়েছি, সেটি আসলে কতটা নির্ভরযোগ্য ছিল। তবে, এটি এখনো অডিটের খসড়া প্রতিবেদন। মতামত নেওয়ার উদ্দেশ্যেই সেমিনারটি আয়োজন করা হয়েছিল।

    একটি কারখানার হিসাব যেভাবে পুরো শিল্পের চিত্র হয়ে উঠল

    গরমিলের বড় অংশের সঙ্গে জড়িয়ে আছে শিল্প উৎপাদন সূচক। প্যানেল ২২টি শিল্প উপখাতের তথ্য পরীক্ষা করে দেখেছে, এর মধ্যে ১৬টিতে উৎপাদন প্রবৃদ্ধি অস্বাভাবিকভাবে বেড়েছে। জাহাজ নির্মাণশিল্পে ২০১৫ অর্থবছরে প্রবৃদ্ধি দেখানো হয়েছে ২৪২.৪ শতাংশ, পরের বছর ৯৭.৬ শতাংশ। প্যানেলের সন্দেহ, একটি বড় অর্ডারের পুরো হিসাব উৎপাদন হিসেবে ধরা হয়ে থাকতে পারে। আবার জাহাজ নির্মাণের প্রাথমিক কাজ, যেমন ইস্পাত কাটাকেও উৎপাদন হিসেবে গণনা করা হয়ে থাকতে পারে। এমনকি একটি প্রতিষ্ঠানের উৎপাদনের তথ্য দিয়েই পুরো উপখাতের প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে কি না, সেই প্রশ্নও উঠেছে।

    পেট্রোলিয়াম শোধনাগারের হিসাবেও একই ধরনের অসংগতি দেখা গেছে। ২০১৬ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি দেখানো হয় ৮৭.৪ শতাংশ, পরের বছর আবার সংকোচন দেখানো হয় ৫০.৩ শতাংশ। অথচ দুটি হিসাবই করা হয়েছে শুধু ইস্টার্ন রিফাইনারির তথ্যের ভিত্তিতে। বিষয়টি বোঝার জন্য কারখানার উৎপাদনক্ষমতা ও প্রকৃত উৎপাদনের পার্থক্যটি মনে রাখা দরকার। ১৯৬৮ সালে চালু হওয়া ইস্টার্ন রিফাইনারির বার্ষিক উৎপাদনক্ষমতা ১৫ লাখ টন। সাম্প্রতিক এক অর্থবছরে রেকর্ড উৎপাদন করেও প্রতিষ্ঠানটি ১৫ লাখ ৩০ হাজার টন তেল প্রক্রিয়াজাত করেছে। অর্থাৎ একটি কারখানার উৎপাদন কমা বা বাড়ার অর্থ পুরো শিল্পের উৎপাদন একই হারে কমা বা বাড়া নয়। কিন্তু একটি প্রতিষ্ঠানের তথ্য দিয়ে পুরো উপখাতের সূচক তৈরি করলে সেই ওঠানামাই পুরো শিল্পের চিত্রে প্রভাব ফেলে।

    মোট তথ্যের প্রায় ৬০ শতাংশ বিবিএস নিজে সংগ্রহ করে,

    বাকি ৪০ শতাংশ আসে প্রশাসনিক ও অন্যান্য সূত্র থেকে।

    এসব উৎসের তথ্য যথাযথভাবে যাচাই না করলে

    হিসাবের মধ্যে বড় ধরনের গরমিল তৈরি হতে পারে।

    এখানে তথ্যের উৎসও গুরুত্বপূর্ণ। বিবিএস শুধু নিজেদের জরিপের ওপর নির্ভর করে না। প্যানেল সদস্য ও বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হকের ভাষ্য অনুযায়ী, মোট তথ্যের প্রায় ৬০ শতাংশ বিবিএস নিজে সংগ্রহ করে। বাকি ৪০ শতাংশ আসে প্রশাসনিক ও অন্যান্য সূত্র থেকে। এসব উৎসের তথ্য যথাযথভাবে যাচাই না করলে হিসাবের মধ্যে বড় ধরনের গরমিল তৈরি হতে পারে।

    উৎপাদন বাড়ল, কিন্তু মূল্য সংযোজন কোথায়

    সিমেন্টশিল্পের তথ্যেও অস্বাভাবিক প্রবৃদ্ধির চিত্র পাওয়া গেছে। এ খাতে টানা তিন বছর প্রবৃদ্ধি দেখানো হয়েছে যথাক্রমে ৬১.৬, ৫১.৭ ও ৪৫.৯ শতাংশ। প্যানেলের পর্যবেক্ষণ, আমদানি করা ক্লিংকার দিয়ে সিমেন্ট তৈরির ক্ষেত্রে মূল্য সংযোজনের হিসাব ঠিকভাবে করা হয়নি। একই সঙ্গে উৎপাদনের হিসাব করতে গিয়ে মজুতের পরিবর্তনও যথেষ্ট গুরুত্ব পায়নি।

    বিষয়টি বুঝতে হলে জিডিপিতে মূল্য সংযোজন কীভাবে হিসাব করা হয়, তা জানা দরকার। কোনো প্রতিষ্ঠান যত টাকার পণ্য উৎপাদন বা বিক্রি করে, পুরো অর্থটাই জিডিপিতে তার অবদান নয়। উৎপাদনের মূল্য থেকে কাঁচামাল ও অন্যান্য ব্যবহৃত উপকরণের খরচ বাদ দিলে যে মূল্য থাকে, সেটিই মূল্য সংযোজন। উদাহরণ হিসেবে বলা যায়, একটি বেকারি ১০০ টাকার রুটি বিক্রি করল। রুটি তৈরিতে যদি ৬০ টাকার ময়দা ও গ্যাস লাগে, তাহলে জিডিপিতে ওই বেকারির অবদান হবে ৪০ টাকা, ১০০ টাকা নয়।

    আমদানি করা ক্লিংকার গুঁড়ো করে সিমেন্ট তৈরি করলে

    দেশের ভেতরে মূলত ওই প্রক্রিয়াটুকুর মূল্যই যুক্ত হয়।

    কিন্তু পুরো সিমেন্টের দামকে দেশের নিজস্ব মূল্য সংযোজন হিসেবে

    গণনা করা হলে

    জিডিপির হিসাব বেড়ে যেতে পারে।

    ক্লিংকার হলো সিমেন্ট তৈরির একটি আধা প্রক্রিয়াজাত কাঁচামাল। আমদানি করা ক্লিংকার গুঁড়ো করে সিমেন্ট তৈরি করলে দেশের ভেতরে মূলত ওই প্রক্রিয়াটুকুর মূল্যই যুক্ত হয়। কিন্তু পুরো সিমেন্টের দামকে দেশের নিজস্ব মূল্য সংযোজন হিসেবে গণনা করা হলে জিডিপির হিসাব বেড়ে যেতে পারে।

    একইভাবে কারখানার উৎপাদনক্ষমতা, প্রকৃত উৎপাদন, বিক্রি ও মজুতের হিসাবও আলাদা। উৎপাদনক্ষমতা বলতে বোঝায় একটি কারখানা সর্বোচ্চ কত পণ্য তৈরি করতে পারে। প্রকৃত উৎপাদন হলো নির্দিষ্ট সময়ে বাস্তবে কত পণ্য তৈরি হয়েছে। বিক্রি মানে বাজারে কত পণ্য গেছে, আর মজুত হলো গুদামে অবিক্রীত পণ্যের পরিমাণ। এই হিসাবগুলোর একটির জায়গায় অন্যটি ব্যবহার করলে উৎপাদন ও জিডিপির পরিসংখ্যানে ভুল হতে পারে।

    বিষয়টি আরও স্পষ্ট হয় সিমেন্টের চাহিদার সঙ্গে প্রবৃদ্ধির তুলনা করলে। শিল্প সংগঠন বিসিএমএর বিক্রির হিসাব অনুযায়ী, দেশে সিমেন্টের চাহিদা ২০১১ সালে ছিল প্রায় দেড় কোটি টন। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় চার কোটি টনে। অর্থাৎ এক দশকে চাহিদা বেড়েছে প্রায় ২.৭ গুণ, বছরে গড়ে প্রায় ১০ শতাংশ হারে। অন্যদিকে, প্যানেলের দেওয়া তিন বছরের প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে হিসাব করলে উৎপাদন সাড়ে তিন গুণের বেশি হওয়ার কথা। যদিও এই তুলনা আমার নিজের করা হিসাব, অডিট প্যানেলের সিদ্ধান্ত নয়। তবে দুটি হিসাবের মধ্যে এত বড় ব্যবধান কেন, সেই প্রশ্নটি আমাকে ভাবাচ্ছে।

    পোশাক খাত ধীর, অন্য শিল্পে হঠাৎ এত প্রবৃদ্ধি কেন?

    শিল্প উৎপাদন সূচকে তৈরি পোশাক খাতের ওজন সবচেয়ে বেশি, প্রায় ৩৪.৮৪ শতাংশ। এই খাতে আগের কয়েক বছরের গড় প্রবৃদ্ধি ছিল ১৩.৫৫ শতাংশ। কিন্তু ২০১৫ ও ২০১৬ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮.৬৯ শতাংশে। একই সময়ে অন্য ১৬টি উপখাতে দেখা যায় প্রবৃদ্ধির বড় ধরনের উল্লম্ফন। সিমেন্ট ও ইটের মতো অধাতব খনিজ শিল্পে গড় প্রবৃদ্ধি ২.৩২ শতাংশ থেকে বেড়ে ২৫.৬৭ শতাংশে পৌঁছায়।

    প্যানেলের হিসাব অনুযায়ী, ২০১১ থেকে ২০১৪ অর্থবছরে গড় প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ। ২০১৫ থেকে ২০১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭.৩৯ শতাংশে। এই বাড়তি প্রবৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প থেকে। অর্থাৎ শিল্প সূচকে সবচেয়ে বড় এবং তুলনামূলকভাবে ভালোভাবে পরিমাপ করা পোশাক খাত যখন ধীরগতিতে ছিল, তখন কম যাচাই হওয়া অন্য উপখাতগুলোর উচ্চ প্রবৃদ্ধিই সামগ্রিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে দেখিয়েছে। পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের মতে, পোশাক খাতের তথ্য তুলনামূলকভাবে নির্ভরযোগ্য হওয়ায় সেখানে অনিয়মের সুযোগ কম ছিল।

    নতুন জরিপের পরিবর্তে নির্দিষ্ট প্রবৃদ্ধির হার ব্যবহার করা হয়েছে,

    এতে একই উৎপাদন একাধিকবার গণনা হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে।

    প্যানেল বাড়তি প্রবৃদ্ধির পেছনে সাতটি উৎস চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে কারখানার নিজের দেওয়া উৎপাদনের তথ্যের ওপর নির্ভরতা, শিল্প উৎপাদন হিসাব করতে কর আদায়ের তথ্য ব্যবহার, রপ্তানির পরিসংখ্যান বেশি দেখানো, রাষ্ট্রীয় একচেটিয়া প্রতিষ্ঠানের অযাচাইকৃত তথ্য, নির্মাণ খাতের ত্রুটিপূর্ণ হিসাব, ক্ষুদ্র শিল্পের উৎপাদন যান্ত্রিকভাবে প্রক্ষেপণ এবং ভর্তুকির ভুল সমন্বয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তিবছর হিসেবে ব্যবহার করার বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন জরিপের পরিবর্তে নির্দিষ্ট প্রবৃদ্ধির হার ব্যবহার করা হয়েছে। এতে একই উৎপাদন একাধিকবার গণনা হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে।

    ভুল হিসাব, নাকি ইচ্ছাকৃতভাবে সংখ্যা বাড়ানো?

    এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এসব গরমিল কি তথ্য সংগ্রহের দুর্বলতা, হিসাব পদ্ধতির ত্রুটি, নাকি ইচ্ছাকৃতভাবে পরিসংখ্যান বদলে দেওয়ার ফল? প্রকাশিত প্রতিবেদনগুলোতে এ বিষয়ে একক কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। পরিকল্পনা উপদেষ্টা তিতুমীর বলেছেন, সাতটি খাতে বানানো বা বাড়িয়ে দেখানো তথ্য ব্যবহার করে রাজনৈতিক উন্নয়নের গল্প তৈরি করা হয়েছিল। অন্যদিকে, প্যানেল সদস্য এনামুল হক প্রশাসনিক ও দ্বিতীয় উৎসের তথ্যের দুর্বলতার ওপর গুরুত্ব দিয়েছেন। পরিসংখ্যান বিভাগের সচিবের বক্তব্য, এই উদ্যোগের উদ্দেশ্য দুর্বলতা চিহ্নিত করা, কাউকে দোষী সাব্যস্ত করা নয়।

    এখানে একটি বিষয় মনে রাখা দরকার। প্যানেলটি গঠন করেছে সরকার। তাই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর এর ফলাফল স্বাধীনভাবে যাচাই করা গুরুত্বপূর্ণ হবে। পরিসংখ্যানের একটি মৌলিক নীতি দিয়ে বিষয়টি বোঝা যায়। সাধারণত এলোমেলো ভুল কখনো বেশি, কখনো কম হিসাব তৈরি করে। ফলে দীর্ঘ সময়ের হিসাবে কিছু ভুল একে অন্যকে পুষিয়ে দিতে পারে। কিন্তু কোনো পদ্ধতিতে যদি ধারাবাহিকভাবে এক দিকেই ভুল হয়, তাহলে সেই প্রভাব জমতে থাকে। এখানে ১৬টি উপখাতেই প্রবৃদ্ধি বেশি দেখানোর অভিযোগ উঠেছে। এটি অবশ্যই প্রশ্ন তৈরি করে। তবে ভুল সব সময় একই দিকে হয়েছে বলেই যে তা ইচ্ছাকৃত, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। যান্ত্রিকভাবে প্রবৃদ্ধি প্রক্ষেপণ করা কিংবা কারখানার নিজের দেওয়া তথ্য যাচাই ছাড়া ব্যবহার করার মতো পদ্ধতিগত দুর্বলতাও একই ধরনের পক্ষপাত তৈরি করতে পারে।

    কোনো পরিমাপককে যখন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের হাতিয়ার বানানো হয়,

    তখন সেটি আর বাস্তব অবস্থা মাপার নির্ভরযোগ্য মাধ্যম নাও থাকতে পারে।

    ইচ্ছাকৃতভাবে তথ্য বদলানো হয়েছে কি না, তা প্রমাণ করতে হলে কে, কোথায় এবং কীভাবে তথ্য পরিবর্তন করেছেন, তার নথি দরকার। এখন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলোতে এমন নথির উল্লেখ নেই। এ ক্ষেত্রে গুডহার্ট ও ক্যাম্পবেলের নামে পরিচিত একটি ধারণাও প্রাসঙ্গিক। কোনো পরিমাপককে যখন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের হাতিয়ার বানানো হয়, তখন সেটি আর বাস্তব অবস্থা মাপার নির্ভরযোগ্য মাধ্যম নাও থাকতে পারে। এটি কোনো অনিয়মের সরাসরি প্রমাণ নয়, বরং একটি সতর্কবার্তা।

    বাংলাদেশের জাতীয় হিসাবের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন অবশ্য নতুন নয়। ২০২২ সালে বিশ্বব্যাংকের একটি বিশ্লেষণে রাতের কৃত্রিম আলোর তথ্যের সঙ্গে সরকারি প্রবৃদ্ধির হিসাবের গরমিল পাওয়া গিয়েছিল। ২০২৪ সালের শ্বেতপত্র কমিটি কর আদায়, বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের সঙ্গে জিডিপি প্রবৃদ্ধির অসংগতি তুলে ধরে। একই বছর আইএমএফ বাংলাদেশের জাতীয় হিসাবের কাঠামোকে ‘সি’ গ্রেড দেয়। ২০২৫ সালের একটি বিশেষজ্ঞ টাস্কফোর্সও পরিসংখ্যান প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার ঘাটতির কথা উল্লেখ করে।

    পরিসংখ্যানের প্রভাব শুধু সংখ্যায় সীমাবদ্ধ থাকে না

    প্রশ্ন উঠতে পারে, প্রবৃদ্ধি এক শতাংশ পয়েন্ট বেশি দেখানো হলে তাতে এত উদ্বেগের কী আছে? জিডিপি শুধু অর্থনীতির আকার বোঝানোর একটি সংখ্যা নয়। সরকারি ঋণ ও জিডিপির অনুপাত, কর আদায় ও জিডিপির অনুপাতসহ অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক হিসাব করা হয় জিডিপিকে ভিত্তি ধরে। জিডিপির অঙ্ক বেশি দেখানো হলে ঋণের চাপ তুলনামূলক কম মনে হতে পারে। একইভাবে কর আদায়ের প্রকৃত দুর্বলতাও আড়ালে চলে যেতে পারে। ফলে ভুল পরিসংখ্যানের প্রভাব শুধু একটি সংখ্যায় সীমাবদ্ধ থাকে না, অর্থনৈতিক নীতি ও সিদ্ধান্তেও তার প্রভাব পড়ে।

    প্রবৃদ্ধির অঙ্ক বাড়িয়ে দেখানোর ফলে

    অর্থনীতির ভেতরের দুর্বলতাগুলো থেকে মনোযোগ সরে গিয়েছিল।

    এ ক্ষেত্রে সময়ের প্রভাবও গুরুত্বপূর্ণ। শ্বেতপত্রের গবেষণা দলের নেতৃত্বে থাকা সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান বলেছেন, বছরে এক শতাংশ পয়েন্টের কম প্রবৃদ্ধি বেশি দেখানো হলেও ১২ থেকে ১৫ বছর ধরে তা চলতে থাকলে এর সম্মিলিত প্রভাব উপেক্ষা করার মতো থাকে না। সহজ একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যায়। কোনো অর্থনীতির প্রবৃদ্ধি টানা দশ বছর প্রতি বছর প্রায় এক শতাংশ পয়েন্ট বেশি দেখানো হলে, শেষ পর্যন্ত অর্থনীতির আকার বাস্তবের তুলনায় প্রায় ১০ শতাংশ বড় দেখাতে পারে। তৌফিকুল ইসলামের আরেকটি পর্যবেক্ষণও এখানে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, প্রবৃদ্ধির অঙ্ক বাড়িয়ে দেখানোর ফলে অর্থনীতির ভেতরের দুর্বলতাগুলো থেকে মনোযোগ সরে গিয়েছিল।

    নতুন ভিত্তিবছরেই কি সব ঠিক হবে

    আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, সরকারি পরিসংখ্যান তৈরিতে প্রশাসনিক নথি ব্যবহার করা যায়। জাতিসংঘের সরকারি পরিসংখ্যানের মৌলিক নীতিমালাতেও প্রশাসনিক তথ্যকে বৈধ উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে তথ্যের মান, সময়োপযোগিতা ও সংগ্রহের খরচ বিবেচনা করে উৎস নির্বাচন করতে হবে। পাশাপাশি কোন উৎস থেকে কীভাবে তথ্য নেওয়া হচ্ছে, তা প্রকাশ করতে হবে এবং পেশাগত বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ প্রশাসনিক তথ্য ব্যবহার করাই সমস্যা নয়। সমস্যা হলো, যথাযথ যাচাই ছাড়া সেই তথ্য জাতীয় হিসাবের কাজে ব্যবহার করা।

    এনামুল হক যে যাচাইয়ের কথা বলেছেন, সেটি হলো দ্বিতীয় বা বিকল্প উৎসের তথ্য অন্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখা। সরকারও এখন এ ধরনের কিছু পদক্ষেপের কথা জানিয়েছে। মাঠপর্যায়ে ট্যাবলেটের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার ও জিও ট্যাগিং চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্যকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে। শিল্প উৎপাদনের তথ্য যাচাই করতে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচক ব্যবহার করা হবে। পরিসংখ্যান আইন সংশোধনের কাজও চলছে।

    পাশাপাশি জিডিপির ভিত্তিবছর পরিবর্তন করে ২০০৫-০৬ অর্থবছরের পরিবর্তে ২০২৫-২৬ অর্থবছরকে ভিত্তিবছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্যানেল বিবিএসের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করা, নতুন জরিপ চালানো এবং উৎপাদন ও ব্যয়ের পাশাপাশি আয়ের ভিত্তিতেও জিডিপি হিসাব করার সুপারিশ করেছে।

    জাতীয় হিসাব তৈরিতে জিডিপি সাধারণত তিনটি পদ্ধতিতে পরিমাপ করা যায়: উৎপাদন, আয় ও ব্যয়ের ভিত্তিতে। তিন পদ্ধতিতে হিসাব করলে ফলাফল মোটামুটি কাছাকাছি আসার কথা। এর মধ্যে বড় ধরনের পার্থক্য থাকলে কোথাও তথ্য বা পদ্ধতিগত সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

    তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে এবং এর সঙ্গে রাজনীতি মেশানো চলবে না।

    নতুন ভিত্তিবছর জিডিপি পরিমাপের মাপকাঠি বদলাব, কিন্তু সেই মাপকাঠিতে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পদ্ধতি কতটা বদলাবে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। সংশোধিত হিসাব বাস্তব অর্থনীতির কাছাকাছি পৌঁছাবে কি না, তা নির্ভর করবে কয়েকটি বিষয়ে। একটি কারখানার তথ্য দিয়ে পুরো শিল্পের চিত্র তৈরি করা বন্ধ হচ্ছে কি না, বড় ধরনের উৎপাদন বৃদ্ধির তথ্য স্বাধীন সূচকের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে কি না এবং হিসাবের পদ্ধতি ও সংশোধনের কারণ জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে কি না, সেগুলোই হবে আসল পরীক্ষা। তিতুমীরও বলেছেন, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে এবং এর সঙ্গে রাজনীতি মেশানো চলবে না। কথাটি গুরুত্বপূর্ণ, আর তা যেকোনো সরকারের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

    রাকিবুল ইসলাম
    রিসার্চার (ফিন্যান্স, ট্রেড ও কমার্স)

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ভ্যাট রিটার্ন জমা দিতে হবে প্রতি মাসে, অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে সরকার

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    চীনা বিনিয়োগ টানতে গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ

    নভেম্বর 15, 2026
    আইন আদালত

    ফজলে করিমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার পর্যবেক্ষণে আইপিইউ প্রতিনিধি

    নভেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.