বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন, এই তিন মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেন হয়েছে ৬ লাখ ৬০ হাজার কোটি টাকা। এক বছরে দেশের মোট উৎপাদনের যে মূল্য, মাত্র তিন মাসের এমএফএস লেনদেনই তার প্রায় ১১ শতাংশের সমান। শুনলে মনে হতে পারে, অর্থনীতিতে টাকা বেশ দ্রুত ঘুরছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুদ্রা সরবরাহের তথ্য এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির হিসাব পাশাপাশি রাখলে ভিন্ন চিত্র পাওয়া যায়। দেশের নামমাত্র জিডিপিকে বিস্তৃত মুদ্রা সরবরাহ বা এম টু দিয়ে ভাগ করলে টাকার আবর্তন গতি দাঁড়ায় ২০২৪ অর্থবছরে ২.৪৬, ২০২৫ অর্থবছরে ২.৫৪ এবং ২০২৬ অর্থবছরে ২.৫৩। অর্থাৎ, ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়লেও অর্থনীতিতে টাকার প্রকৃত আবর্তন গতি তেমন বাড়েনি। প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে?
একটি হাজার টাকা বছরে কতবার কাজ করে?
প্রথমে আবর্তন গতির হিসাবটি সহজভাবে বোঝা যাক। ধরুন, একটি অর্থনীতিতে মোট টাকা আছে ১০০ টাকা, আর এক বছরে সেখানে ২৫০ টাকার পণ্য ও সেবা উৎপাদিত হয়ে বিক্রি হয়েছে। তাহলে প্রতিটি টাকা গড়ে আড়াইবার লেনদেনে ব্যবহৃত হয়েছে। এটিই মানি ভেলোসিটি বা অর্থের আবর্তন গতি।
১৯১১ সালে মার্কিন অর্থনীতিবিদ আরভিং ফিশার তাঁর বইয়ে যে সমীকরণ তুলে ধরেছিলেন, এই হিসাবের ভিত্তি সেটিই। সমীকরণটি হলো, টাকার পরিমাণ গুণ আবর্তন গতি সমান দাম গুণ লেনদেন। এটি মূলত হিসাবের একটি অভেদ। অর্থাৎ, একজন যে টাকা খরচ করেন, তা অন্য কারও হাতে গিয়ে জমা হয়। তবে টাকার গতি কেন বাড়ে বা কমে, বিতর্কটি সেখানেই।
|
লেনদেনের অঙ্ক বড় দেখালেও অর্থনীতিতে নতুন কোনো ক্রয়বিক্রয় তৈরি হয়নি। |
ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এখানেই একটি বিষয় খেয়াল রাখা দরকার। ধরুন, আপনি বিকাশে ১০ হাজার টাকা ক্যাশ ইন করলেন, এরপর ভাইকে পাঠালেন, আর তিনি সেই টাকা ক্যাশ আউট করলেন। হিসাবের খাতায় তিনটি ধাপ মিলিয়ে ৩০ হাজার টাকার লেনদেন দেখা যেতে পারে। অথচ এর মধ্যে নতুন কোনো পণ্য বা সেবা কেনাবেচা হয়নি। অর্থাৎ, লেনদেনের অঙ্ক বড় দেখালেও অর্থনীতিতে নতুন কোনো ক্রয়বিক্রয় তৈরি হয়নি।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস রিপোর্টও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এমএফএসের মোট লেনদেনের মূল্যের ৮৫ শতাংশের বেশি এসেছে ক্যাশ ইন, ক্যাশ আউট এবং ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে টাকা পাঠানোর মাধ্যমে। দোকানে কেনাকাটা বা মার্চেন্ট পেমেন্টের অংশ ছিল মাত্র ৪.৫২ শতাংশ। বেতন পরিশোধের অংশ ছিল ২.৪৩ শতাংশ।
টাকার আবর্তন গতির সঙ্গে মুদ্রা সরবরাহ ও জিডিপির হিসাব
এবার টাকার আবর্তন গতির সঙ্গে মুদ্রা সরবরাহ ও জিডিপির হিসাব মিলিয়ে দেখা যাক। জুন মাসের হিসাবে ২০২৪ সালে এম টু ছিল প্রায় ২০ লাখ ৩৩ হাজার কোটি টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২১ লাখ ৭৫ হাজার কোটি এবং ২০২৬ সালে ২৪ লাখ ১৬ হাজার কোটি টাকায়।
একই সময়ে নামমাত্র জিডিপি বেড়েছে প্রায় ৫০ লাখ কোটি টাকা থেকে ৫৫ লাখ কোটি হয়ে ২০২৬ সালে ৬১ লাখ কোটি টাকার কিছু বেশি। এই দুই হিসাব থেকে টাকার আবর্তন গতি পাওয়া যায় যথাক্রমে ২.৪৬, ২.৫৪ ও ২.৫৩।
| মানুষের হাতে বাড়তি টাকা না থাকলেও
মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় খাতা-কলমের হিসাবে আবর্তন গতি বেড়ে যাওয়ার দৃশ্য তৈরি হয়েছে। |
২০২৫ সালে আবর্তন গতি প্রায় ৩ শতাংশ বেড়েছিল। তবে এই বৃদ্ধি ডিজিটাল পেমেন্টের কারণেই হয়েছে, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। ওই বছর এম টু বেড়েছিল মাত্র ৭ শতাংশ, আর মূল্যস্ফীতি ছিল প্রায় ১০ শতাংশের কাছাকাছি। ফলে, মানুষের হাতে বাড়তি টাকা না থাকলেও মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় খাতা-কলমের হিসাবে আবর্তন গতি বেড়ে যাওয়ার এই দৃশ্য তৈরি হয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালে এম টু বেড়েছে ১১ শতাংশের বেশি। নামমাত্র জিডিপিও প্রায় একই হারে বেড়েছে। ফলে আবর্তন গতিতে বড় কোনো পরিবর্তন আসেনি। আমার পর্যবেক্ষণ হলো, বাংলাদেশের টাকার আবর্তন গতির ওঠানামার সঙ্গে ডিজিটাল পেমেন্টের চেয়ে অর্থ সরবরাহের সীমাবদ্ধতা, মূল্যস্ফীতি ও অর্থনীতির প্রতি মানুষের আস্থার সম্পর্ক বেশি থাকতে পারে।
তবে এই হিসাবের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। জিডিপির তথ্য নিয়েও সংশোধন হয়েছে। ২০২৪ অর্থবছরের প্রবৃদ্ধি প্রাথমিক হিসাবে ৫.৮২ শতাংশ থাকলেও পরে তা সংশোধন করে ৪.২২ শতাংশ নির্ধারণ করা হয়। ২০২৬ অর্থবছরের প্রবৃদ্ধি বিবিএসের হিসাবে ৪.১৪ শতাংশ, আর বিশ্বব্যাংকের হিসাবে ৩.৪ শতাংশ। ফলে দশমিকের সামান্য পার্থক্যের চেয়ে সামগ্রিক প্রবণতার দিকে নজর দেওয়াই বেশি যুক্তিযুক্ত। আর সেই প্রবণতা বলছে, টাকার আবর্তন গতি প্রায় স্থির রয়েছে।
ডিজিটাল পেমেন্টের বিস্তার লেনদেনের খরচ কমাতে পারে
বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের পেমেন্ট সিস্টেমস রিপোর্টে এ বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ওই বছর দেশে মোট লেনদেনের সংখ্যা ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫ কোটির বেশি হয়েছে। অথচ লেনদেনের মোট মূল্য ১ শতাংশ কমে প্রায় ৩১১ লাখ কোটি টাকায় নেমেছে।
এ সময় ডিজিটাল লেনদেনের সংখ্যা ও মূল্য দুটোই ১৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে, নগদসহ অডিজিটাল লেনদেনের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ, কিন্তু এর মোট মূল্য কমেছে ৭ শতাংশ। এর অর্থ, মানুষ আগের চেয়ে বেশি সংখ্যায় ছোট অঙ্কের লেনদেন করছে, আর কিছু বড় অঙ্কের লেনদেন ডিজিটাল মাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু মোট লেনদেনের মূল্য না বাড়ার বিষয়টি ইঙ্গিত দেয়, ডিজিটাল পেমেন্টের বড় অংশ নতুন কেনাবেচা তৈরি না করে আগের লেনদেনের মাধ্যম বদলে দিচ্ছে।
এখনো মোট লেনদেনের মূল্যের ৬৭.২ শতাংশ নগদে হচ্ছে। মুদ্রা সরবরাহের হিসাবেও নগদের ব্যবহার কমে যাওয়ার স্পষ্ট চিত্র নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থ এক বছরে ১৫.৪ শতাংশ বেড়েছে। একই সময়ে এম টু বেড়েছে ১২.৪ শতাংশ। আমার হিসাবে, এম টুতে নগদের অংশ ১২.৭ শতাংশ থেকে সামান্য বেড়ে ১৩ শতাংশ হয়েছে।
|
ডিজিটাল পেমেন্টের বিস্তার লেনদেনের খরচ কমাতে পারে। কিন্তু খরচ কমা আর অর্থের আবর্তন গতি বাড়া এক বিষয় নয়। |
তবে নগদ থেকে ডিজিটাল লেনদেনে যাওয়ার কিছু বাস্তব সুবিধা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, নগদ লেনদেনের বার্ষিক খরচ প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা ২০২৩ সালের জিডিপির ৩.২৪ শতাংশের সমান। অর্থাৎ, ডিজিটাল পেমেন্টের বিস্তার লেনদেনের খরচ কমাতে পারে। কিন্তু খরচ কমা আর অর্থের আবর্তন গতি বাড়া এক বিষয় নয়।
অর্থের আবর্তন গতিও বাড়ছে না
এখানে একটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত এক বিশ্লেষণে বাংলাদেশ ব্যাংকের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই মাসে এমএফএসে মোট লেনদেন হয়েছিল প্রায় ১ লাখ ৪৯ হাজার কোটি টাকা। অথচ সব এমএফএস ওয়ালেট মিলিয়ে জমা অর্থের পরিমাণ ছিল মাত্র ১২ হাজার ৯০০ কোটি টাকা।
এই দুই হিসাব তুলনা করলে দেখা যায়, ওয়ালেটে থাকা অর্থ এক মাসে গড়ে প্রায় সাড়ে ১১ বার লেনদেনে ব্যবহৃত হয়েছে। শুনতে বেশ দ্রুত মনে হলেও এর বড় অংশই ক্যাশ ইন ও ক্যাশ আউটের মাধ্যমে ঘুরেছে। অর্থাৎ, টাকা ডিজিটাল ব্যবস্থার মধ্য দিয়ে দ্রুত যাচ্ছে, কিন্তু সব সময় নতুন পণ্য বা সেবা কেনাবেচায় ব্যবহৃত হচ্ছে না। ওই বিশ্লেষণে বিষয়টি বোঝাতে বলা হয়েছে, টাকা পাইপের মধ্য দিয়ে চলে যাচ্ছে, কিন্তু পাইপের ভেতরে জমা থাকছে না।
২০২৪ সালের ডিসেম্বরে দেশে নিবন্ধিত এমএফএস হিসাব ছিল প্রায় ২৩ কোটি ৭০ লাখ। এর মধ্যে সক্রিয় হিসাবের হার ছিল ৩৭.৬ শতাংশ। অর্থাৎ, নিবন্ধিত হিসাবের বড় একটি অংশ নিয়মিত ব্যবহার হচ্ছে না।
ব্যাংকিং খাতের অবস্থাও এখানে গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৬ সালের জুনে ব্যাংক আমানত বেড়েছে ১০.৭ শতাংশ। কিন্তু একই সময়ে ঋণ ও আমানতের অনুপাত এক বছরে ৮৬.৯ শতাংশ থেকে কমে ৮১.৮ শতাংশে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ছিল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকার বেশি।
|
নতুন টাকা তৈরি হলেও তা প্রত্যাশিতভাবে কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা কৃষকের হাতে গিয়ে উৎপাদন ও কেনাবেচার চক্রে ঘুরছে না। |
ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ দেওয়ার বদলে তুলনামূলক নিরাপদ ট্রেজারি বিল ও বন্ডে বেশি বিনিয়োগ করছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের আশপাশে, অন্যদিকে খেলাপি ঋণের হার ৩২ থেকে ৩৩ শতাংশের ঘরে। বিশ্বব্যাংকের বিশ্লেষণেও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে এম টু বৃদ্ধির বড় উৎস ছিল সরকারের ব্যাংকঋণ এবং রেমিট্যান্সের ডলার কেনা। কিন্তু এই অর্থের বড় অংশ উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত হয়নি।
অর্থাৎ, নতুন টাকা তৈরি হলেও তা প্রত্যাশিতভাবে কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা কৃষকের হাতে গিয়ে উৎপাদন ও কেনাবেচার চক্রে ঘুরছে না। ফলে অর্থের আবর্তন গতিও বাড়ছে না।
তাহলে গতি আসলে কোথায় বাড়ছে?
পুরো চিত্র অবশ্য নেতিবাচক নয়। বেতন, ভাতা ও সরকারি আর্থিক সহায়তা যখন ডিজিটাল মাধ্যমে দেওয়া হয়, তখন টাকা দ্রুত মানুষের হাতে পৌঁছায়। অর্থ পাওয়ার পর তা খরচ করার সুযোগও তৈরি হয়। ফলে এসব ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট অর্থের আবর্তন বাড়াতে ভূমিকা রাখতে পারে।
২০২৫ সালে এমএফএসের মাধ্যমে রেমিট্যান্স এসেছে আগের বছরের তুলনায় ৭১.৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে এমএফএসে ডিজিটাল লেনদেন বেড়েছে ৬৮.৬৯ শতাংশ। এটি ক্যাশ আউটের বদলে সরাসরি ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ার ইঙ্গিত দিতে পারে।
তবে যেখানে ডিজিটাল পেমেন্টের প্রভাব সবচেয়ে বেশি পড়ার কথা, অর্থাৎ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাকাটার ক্ষেত্রে, সেখানে এখনো অনেক পথ বাকি। ২০২৫ সালে সারা বছরে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। এক প্রান্তিকের এমএফএস লেনদেনের তুলনায় এই অঙ্ক আধা শতাংশেরও কম। প্রায় ৯ লাখ ৬৩ হাজার মার্চেন্ট বাংলা কিউআর ব্যবস্থায় যুক্ত হলেও গ্রাহকদের মধ্যে এর ব্যবহার এখনো সীমিত। বাংলাদেশ ব্যাংকের নগদ লেনদেনের খরচবিষয়ক গবেষণাতেও দেখা গেছে, সব ধরনের লেনদেনের সংখ্যার ৮০ শতাংশের বেশি এখনো নগদে হচ্ছে।
গতি বাড়ানোর চাবি
সব তথ্য একসঙ্গে বিবেচনা করলে আমার পর্যবেক্ষণ হলো, ডিজিটাল পেমেন্ট বাংলাদেশে লেনদেনের সুযোগ বাড়িয়েছে, খরচ কমিয়েছে এবং নারী ও গ্রামীণ জনগোষ্ঠীর একটি অংশকে আর্থিক ব্যবস্থার আওতায় এনেছে। কিন্তু এখন পর্যন্ত তা অর্থের আবর্তন গতি বাড়াতে পারেনি। এর পেছনে কয়েকটি কাঠামোগত কারণ রয়েছে।
প্রথমত, এমএফএস লেনদেনের বড় অংশ এখনো নগদ টাকা ডিজিটালে আনা ও আবার নগদে ফেরত নেওয়ার মধ্যে সীমাবদ্ধ। দ্বিতীয়ত, ব্যাংকের আমানতের অর্থ পর্যাপ্ত পরিমাণে ঋণ হিসেবে বেসরকারি খাতে যাচ্ছে না। খেলাপি ঋণ ও অনিশ্চয়তা ব্যাংকগুলোকে তুলনামূলক নিরাপদ বিনিয়োগের দিকে ঠেলে দিচ্ছে। তৃতীয়ত, আমানতের প্রকৃত সুদ ঋণাত্মক। এপ্রিলে তা ছিল মাইনাস ২.৮ শতাংশ। ফলে মানুষ ব্যাংকে সঞ্চয় রাখার বদলে নগদ অর্থ বা অন্যান্য সম্পদে বিনিয়োগের দিকে ঝুঁকতে পারে। চতুর্থত, ডিজিটাল লেনদেনে প্রতারণার ঘটনা মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। ২০২৫ সালে ৮১ হাজারের বেশি প্রতারণার ঘটনা নথিভুক্ত হয়েছে। উদ্ধার না হওয়া অর্থের ৮৮ শতাংশের বেশি ছিল এমএফএসের মাধ্যমে হওয়া লেনদেনের সঙ্গে সম্পর্কিত।
বেসরকারি খাতে অর্থের প্রবাহ বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের উদ্যোগ রয়েছে। তবে ব্যাংকিং খাতের সংস্কার ও ঋণ বিতরণের পরিবেশ উন্নত না হলে এ উদ্যোগের সুফল সীমিত হতে পারে।
এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি। আবর্তন গতি স্থির থাকা অবস্থায় এম টু যদি ১১ শতাংশ বাড়ে, অথচ প্রকৃত উৎপাদন প্রবৃদ্ধি ৩ থেকে ৪ শতাংশের মধ্যে থাকে, তাহলে ফিশারের সমীকরণ অনুযায়ী দামের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তবে মূল্যস্ফীতির জন্য শুধু মুদ্রা সরবরাহকে দায়ী করা ঠিক হবে না। বাংলাদেশ ব্যাংকও জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাক্কাকে মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছে।
তাই পরের বার লাখ কোটি টাকার ডিজিটাল লেনদেনের রেকর্ড দেখলে তিনটি প্রশ্ন করা জরুরি। এর কত অংশ দোকানের কেনাকাটা, কত অংশ বেতন বা প্রকৃত ব্যবসায়িক লেনদেন, আর কত অংশ শুধু ক্যাশ ইন ও ক্যাশ আউটের মাধ্যমে ঘুরেছে? এই প্রশ্নগুলোর উত্তরেই বোঝা যাবে, ডিজিটাল পেমেন্টের কারণে অর্থনীতিতে টাকা সত্যিই বেশি কাজ করছে, নাকি শুধু এক হাত থেকে অন্য হাতে যাচ্ছে।
রাকিবুল ইসলাম
রিসার্চার (ফিন্যান্স, ট্রেড ও কমার্স)

