একটা সংসারের কথা ভাবুন। খরচ বাড়ছে, আয় বাড়ছে না। প্রতিমাসে ঘাটতি পূরণ করতে হয় ধার করে। ধারের সুদ দিতে গিয়ে পরের মাসে আরও ধার। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার গল্পটাও অনেকটা তা-ই। তফাত একটাই। এখানে সংসারটা বিশাল, আর ধারের বোঝা গিয়ে পড়ছে এমন অনেকের কাঁধে, যাদের সিদ্ধান্তে কোনো হাত ছিল না।
এই সংসারে যাদের সামর্থ্য আছে, সংসার চালাতে যাদের বেশি দেওয়ার কথা, তাদের অনেকেই নিজের ভাগ ঠিকমতো দিচ্ছেন না। কেউ কর ফাঁকির ফাঁক গলে বেরিয়ে যাচ্ছেন, কেউ করজালের বাইরেই থেকে যাচ্ছেন, কেউ ছাড়ের ছাতার নিচে নিশ্চিন্তে আছেন। ফলে যারা বেতন থেকে উৎসে কর কাটিয়ে বা বাজারের প্রতিটি কেনাকাটায় ভ্যাট দিয়ে নিয়মিত দেন, বোঝা বাড়তি পড়ছে তাদের ওপরই। কর আদায়ের ঘাটতি তাই শুধু একটি হিসাবের সংখ্যা নয় প্রশ্ন তোলে এই ব্যবস্থার ভুক্তভোগীদের নিয়ে?
বালতিতে যত জল ঢালা হয়, তার চেয়ে বেশি পড়ে যায়
২০২৪-২৫ অর্থবছরে কর-জিডিপি অনুপাত আগের বছরের ৭.৪ শতাংশ থেকে নেমে ৬.৬ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে কম কর আদায়কারী দেশগুলোর কাতারে বাংলাদেশ, যেখানে হার ৬-৭ শতাংশের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৯ দশমিক ৫ শতাংশ ধরা হলেও বাস্তবে তা প্রায় ৮ শতাংশ হয়েছিল।
গত অর্থবছরে কর আদায়ে এনবিআরের লক্ষ্য ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। ঘরে এসেছে ৪ লাখ ১৫ হাজার কোটি টাকার সামান্য বেশি, অর্থাৎ প্রায় ৮৮ হাজার কোটি টাকার ফাঁক। এবার লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, গত বছরের আদায়ের চেয়ে প্রায় ৪৫ শতাংশ বেশি। কিন্তু দৌড়ের শুরুতেই হোঁচট। প্রথম দুই মাসে লক্ষ্যের চেয়ে ২৯ হাজার কোটি টাকা কম এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় আদায় কমেছে ৫.২৫ শতাংশ, আর ভ্যাট কমেছে প্রায় ২০ শতাংশ।
শুকিয়ে যাওয়া তিন নদী
রাজস্বের স্রোত পাতলা হওয়ার পেছনে এনবিআরের হিসাবে তিনটি কারণ।
প্রথমত, ভ্যাট আদায়ের প্রবাহে ধাক্কা লাগে। আগে প্রতি মাসে ভ্যাট জমার নিয়ম থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে ব্যবসায়ীদের তিন মাস পরপর ভ্যাট দেওয়ার সুযোগ দেওয়া হয়। ফলে জুলাই-আগস্টের ভ্যাট আদায়ে সময়গত বিলম্ব তৈরি হয়। এর মধ্যে জুলাইয়ে ভ্যাট আদায় আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৪ শতাংশ এবং আগস্টে ২৪ দশমিক ৫ শতাংশ কমে যায়। সব মিলিয়ে দুই মাসে ভ্যাট আদায় কমে প্রায় ২১ দশমিক ৯ শতাংশ। পরিস্থিতি সামাল দিতে ১৪ অক্টোবর আবার মাসিক ভ্যাট রিটার্ন জমার নিয়ম ফিরিয়ে আনা হয়।
দ্বিতীয়ত বন্দরের ঘাট ফাঁকা।ডলারের সংকট আর এলসি খোলায় কড়াকড়িতে আমদানি কমেছে ২৫ শতাংশ। চট্টগ্রাম বন্দরের হিসাবে পণ্য আমদানি কমেছে ১৮ শতাংশ। জাহাজ কম এলে শুল্ক ও ভ্যাটের ঝুলিও হালকা হয়।
তৃতীয়ত,বাজারে স্থবিরতা। আবাসন, রড-সিমেন্ট, শপিংমল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেচাকেনাতেও মন্দাভাব দেখা দিয়েছে। বিভিন্ন খাতে বিক্রি ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি। দোকান মালিক সমিতির হিসাবেও ঈদের পর তিন মাসে বিক্রি প্রায় অর্ধেকে নেমেছে। বাজারে এই মন্দার সরাসরি প্রভাব পড়ছে সরকারের রাজস্ব আয়ে। কারণ, বেচাকেনা কমলে আয়কর ও ভ্যাট আদায়ের পরিমাণও কমে যায়।
ঋণের চোরাবালি
আয় কমলে সংসার চালাতে ধার করতে হয়। সরকারও তাই করছে, আর হাত বাড়াচ্ছে ব্যাংকের সিন্দুকের দিকে।
জুলাই-আগস্টে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার নিয়েছে ১৬ হাজার ৬০১ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকে ৩ হাজার ৭২৮ কোটি টাকা ফেরত দেওয়ার পর নিট ঋণ ১২ হাজার ৮৭২ কোটি টাকা। পুরো বছরের ১ লাখ ১২ হাজার কোটি টাকার লক্ষ্যের ১১.৪৯ শতাংশ প্রথম দুই মাসেই শেষ। অক্টোবর-ডিসেম্বরে আরও ৩০ হাজার ১০৭ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা আছে। গত বছরও লক্ষ্য ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা, নেওয়া হয়েছিল ১ লাখ ৩৪ হাজার কোটি টাকার বেশি, অর্থাৎ লক্ষ্যের ১২৬ শতাংশ।
সরকারের মোট অভ্যন্তরীণ ঋণ এখন ১১ লাখ ৭৭ হাজার ১৭৯ কোটি টাকা, এক বছরে বেড়েছে ১২.৭ শতাংশ। চলতি বাজেটে শুধু সুদ মেটাতেই রাখা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। বাজেটের প্রতি ১০০ টাকার ১৪ টাকা যাচ্ছে সুদে, অর্থাৎ আজকের কেনা জিনিসের দাম দিতে হচ্ছে কাল। তার ওপর নতুন পে-স্কেলের বোঝা আছে। আগামী তিন বছরে বাড়তি খরচ ১ লাখ ৫ হাজার ৩৮০ কোটি টাকা, যার ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা এ বছরেই।
এই খেলার ভুক্তভোগীরা
সরকার যখন ব্যাংকের টাকার বড় ভাগ টেনে নেয়, তখন উদ্যোক্তার জন্য পড়ে থাকে ভাঙা থালার কণা। অর্থনীতির ভাষায় একে বলে ক্রাউডিং আউট। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি এখন ৪.৪৭ শতাংশ, অথচ কোভিডের দুঃসময়েও তা ৭.৫ শতাংশের ওপরে ছিল। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ডলার নেই, তার ওপর ১৫ শতাংশের বেশি সুদ। বিজিএমইএর তথ্যে ২০২৩ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৪০২টি পোশাক কারখানার ঝাঁপ বন্ধ হয়েছে। এ বছরের প্রথম ছয় মাসেই ৮০টি কারখানা ছাঁটাই করেছে ১৯ হাজার শ্রমিক। প্রতিটি সংখ্যার পেছনে একটা চুলো, যেটা আর জ্বলছে না।
ঘড়ির কাঁটা ধরে কর দেওয়া মানুষ। করজালের ফাঁক দিয়ে যারা গলে যান, তাদের কিছু যায় আসে না। জালে যারা আটকা পড়েছেন, চাপ বারবার তাদের ওপরই। এনবিআরের পরিকল্পনায়ও উৎসে কর ও অগ্রিম কর আদায়কে প্রাধান্য দিয়ে এ দুই খাত থেকে আদায় ৫০ শতাংশের বেশি বাড়ানোর কথা আছে। যে গাছে ফল সহজে পাড়া যায়, বারবার তার ডালেই ঢিল পড়ে।
বেতনের খামে কাটা পড়ে আছে মধ্যবিত্ত। বেতনভোগীর আয় কাচের ঘরের মতো স্বচ্ছ, উৎসেই কর কেটে নেওয়া হয়। অন্যদিকে ব্যবসা, পেশা আর সম্পদের আয়ের একটা অংশ অনানুষ্ঠানিকতার কুয়াশায় ঢাকা পড়ে। অন্যদিকে, ব্যবসা ও সম্পদের আয়ের একটি বড় অংশ করের আওতার বাইরে থেকে যাচ্ছে। বড় শিল্পগোষ্ঠীর বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ উঠছে। যেমন, ২০২৬ সালের নভেম্বরে সামিট গ্রুপের বিরুদ্ধে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ সামনে আসে। এর আগে এস আলম গ্রুপের ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৪ হাজার ৯১৪ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় এনবিআর। এসব ঘটনা কর ব্যবস্থার দুর্বল নজরদারির তথ্যকেই সামনে আনে।
বড় ব্যবসায়ীদের ঋণের মাশুল দিতে হয় ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। একটি প্রতিবেদনে দেখা যায়, এক বেসরকারি ব্যাংকের এমডির বলেন, তারা ১১ শতাংশ সুদে আমানত নিয়ে ৯.৫ শতাংশ সুদে সরকারকে ধার দিচ্ছেন, অর্থাৎ প্রতি ১০০ টাকায় ১.৫ টাকা লোকসান। তবু ঝুঁকি নিতে চান না, কারণ খেলাপির ভয়ে বেসরকারি খাতে ঋণ দেওয়ার মতো ভরসার গ্রাহক খুঁজে পাচ্ছেন না।
সুদ আর বেতনেই যদি বাজেটের বড় অংশ উড়ে যায়, স্কুল, হাসপাতাল ও সামাজিক নিরাপত্তার জন্য হাত খালি থাকে। এর ধাক্কা লাগে সবচেয়ে বেশি দরিদ্র পরিবারে।
যারা এখনো জন্মায়নি। আজকের ঋণ কালকের শিশুর নামে লেখা হচ্ছে। সুদসহ এই দায়ের হিসাব তাদেরই চুকাতে হবে, যারা না নিল ঋণ না করল ভোগ।
ছায়ায় যারা বসে আছেন
কর ব্যবস্থার আলো-ছায়ায় কর ফাঁকি দেওয়ার সুযোগ থাকা প্রভাবশালী ব্যবসায়ী, অনানুষ্ঠানিক খাতের বড় আয়কারী এবং ছাড়ের ছাতার নিচে থাকা কিছু শিল্প তুলনামূলক স্বস্তিতে থাকেন। এনবিআর-সংশ্লিষ্ট প্রতিবেদনে সরকারের দেওয়া বিপুল পরিমাণ কর ছাড়ের কথাও এসেছে। কিন্তু তাও তারা কর দিচ্ছে না। তার সাথে আরও কিছু কারণ কাজ করে রাজস্ব আদায় না হওয়ার।
-
করজালের সীমাবদ্ধতা: অর্থনীতির আকার বাড়লেও করদাতার সংখ্যা সেই অনুপাতে বাড়ছে না।
-
অনানুষ্ঠানিক অর্থনীতি: ব্যবসা ও পেশার বড় একটি অংশের আয় যথাযথভাবে হিসাবের আওতায় আসছে না।
-
কর অব্যাহতি ও প্রণোদনা: অতিরিক্ত ছাড়ের কারণে সরকারের সম্ভাব্য রাজস্ব কমছে।
-
প্রশাসনিক দুর্বলতা: কর আদায়ে অটোমেশনের ঘাটতি, বকেয়া রাজস্ব ও নজরদারির দুর্বলতা আদায় বাধাগ্রস্ত করছে।
-
করদাতার অনাস্থা: কর দেওয়ার পরও মানসম্মত সরকারি সেবা না পাওয়ার অভিজ্ঞতা অনেকের মধ্যে কর প্রদানে অনীহা তৈরি করছে।
নেতাদের প্রতিশ্রুতি, আইএমএফের প্রশ্ন
লক্ষ্য নিয়ে সুরের মিল নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পাঁচ বছরে ১০ শতাংশে পৌঁছানো সম্ভব, আর এনবিআর মধ্যম ও দীর্ঘমেয়াদি রাজস্ব কৌশল নিয়েছে। এনবিআরের নতুন পরিকল্পনায় ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশে পৌঁছানোর লক্ষ্য আছে। পূর্ণাঙ্গ অটোমেশন, করজাল বাড়ানো, ফাঁকি রোধ ও বকেয়া আদায় জোরদারের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার লক্ষ্য অর্জনের কথা আইএমএফকে জানিয়েছে সংস্থাটি। আগের অর্থবছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি এই লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়েই আইএমএফ প্রশ্ন তুলেছে। স্বপ্ন দেখা দোষের নয়, তবে পথের মানচিত্র ছাড়া সেই স্বপ্ন আসলে মরীচিকার মতো।
রাজস্ব সংস্কারের রাজনীতি

