আজ বুধবার একনেকের সভায় উঠছে এমন একটি প্রকল্প, যার উদ্দেশ্য শুনলে বিষয়টি বেশ সরল মনে হয়। গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে নির্মাণ করা হবে দীর্ঘ সেতু। কিন্তু প্রকল্পের আকার ও ব্যয়ের হিসাব দেখলে প্রশ্ন জাগে। ৪৮ জেলার ১২৫টি উপজেলায় নির্মিত হবে ২৫৬টি সেতু। এতে খরচ ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা, যার পুরোটাই আসবে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে। একই সভায় মোট ২১টি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে, যেগুলোর সম্মিলিত ব্যয় প্রায় ৩৪ হাজার ৬৬৭ কোটি টাকা। অর্থাৎ, একনেকের মোট প্রস্তাবিত ব্যয়ের প্রায় চার ভাগের এক ভাগই এই একটি প্রকল্পের জন্য।
এখন পর্যন্ত একনেকের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে প্রকল্পটি অনুমোদন পাক বা না পাক, এর পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়। আমার মতে, সেগুলোকে শুধু স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাবের অভিযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনটি দিক থেকে দেখা দরকার। প্রথমত, সেতুর তালিকা কীভাবে তৈরি হয়েছে এবং সেখানে রাজনৈতিক প্রভাব ছিল কি না। দ্বিতীয়ত, প্রতিটি সেতুর কারিগরি ও পরিবেশগত যাচাই কতটা হয়েছে। তৃতীয়ত, প্রায় ৯ হাজার কোটি টাকা খরচের অর্থনৈতিক যৌক্তিকতা কতটা নিশ্চিত করা হয়েছে।
যেভাবে চার গুণ বড় হলো সেতুর তালিকা
প্রকল্পটি শুরুতে এত বড় ছিল না। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে স্থানীয় সরকার বিভাগে পাঠানো প্রাথমিক প্রস্তাবে সেতুর সংখ্যা ছিল ৬৩টি। পরে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশে তা বেড়ে দাঁড়ায় ২০৪টিতে। সর্বশেষ প্রস্তাবে আরও ৫২টি সেতু যুক্ত হওয়ায় সংখ্যা পৌঁছেছে ২৫৬টিতে।
|
নতুন সরকারের সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে যোগাযোগ করছেন। |
প্রস্তাবে বলা হয়েছে, জনপ্রতিনিধিদের চাহিদা ও এলাকার গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত সেতুগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারের সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে যোগাযোগ করছেন। তাঁদের কাছ থেকে এত বেশি প্রস্তাব এসেছে যে একটি প্রকল্পের মধ্যে সবগুলো অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে আরেকটি প্রকল্প তৈরির প্রক্রিয়াও চলছে।
এখানে একটি বিষয় ন্যায্যভাবে দেখা দরকার। সংসদ সদস্যরা তাঁদের এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যার কথা সরকারকে জানাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা তৈরি হয় তখন, যখন জনপ্রতিনিধিদের চাহিদার তালিকাই প্রকল্পের মূল তালিকায় পরিণত হয়। আর কোন এলাকায় সেতু বেশি প্রয়োজন, তা যাচাই করার জন্য স্বচ্ছ ও সুনির্দিষ্ট কোনো পদ্ধতি দেখা যায় না।
বিরোধী দলের সংসদ সদস্য ছিলেন এমন উপজেলা ছিল মাত্র তিনটি
প্রস্তাবিত তালিকায় সবচেয়ে বেশি সেতু রয়েছে বগুড়ায়, ২৪ এবং সিলেটে ১৪টি। অন্যদিকে রাজশাহী, খুলনা, নাটোর ও মৌলভীবাজারসহ সাতটি জেলায় রয়েছে মাত্র একটি করে সেতু।
তবে শুধু সংখ্যার পার্থক্য দিয়ে পক্ষপাতের অভিযোগ প্রমাণ করা যায় না। কারণ, জেলার আয়তন, নদী-খালের সংখ্যা, জনসংখ্যা এবং যোগাযোগের প্রয়োজন এক নয়। কিন্তু সরকারি অর্থ কোথায় কীভাবে বরাদ্দ হবে, সে ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে। এর নাম অনুভূমিক সমতা। সহজভাবে বললে, যেসব এলাকার প্রয়োজন প্রায় একই, সেসব এলাকার ক্ষেত্রে সমান গুরুত্ব ও সুযোগ নিশ্চিত করা।
এখন পর্যন্ত যেসব প্রতিবেদন দেখছি, তাতে সেতু নির্বাচনের সুনির্দিষ্ট মাপকাঠি স্পষ্টভাবে তুলে ধরা হয়নি। কোন এলাকার প্রয়োজন কতটা, জনসংখ্যার কত অংশ উপকৃত হবে কিংবা কোন এলাকায় বিকল্প যোগাযোগব্যবস্থা নেই, এসব তথ্যও প্রকাশিত তালিকায় পাওয়া যায়নি। দলভিত্তিক হিসাবও কোথাও দেখিনি। তাই রাজনৈতিক পক্ষপাত ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনো নেই। তবে তথ্য প্রকাশ না হওয়ায় সেই আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
|
বিরোধী দলের সংসদ সদস্য ছিলেন এমন উপজেলা ছিল মাত্র তিনটি। সাতক্ষীরা, রংপুর ও কুড়িগ্রামের মতো কয়েকটি জেলাও ওই তালিকায় ছিল না। |
কালের কণ্ঠের একটি প্রতিবেদনে আগের ২০৪টি সেতুর তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিরোধী দলের সংসদ সদস্য ছিলেন এমন উপজেলা ছিল মাত্র তিনটি। সাতক্ষীরা, রংপুর ও কুড়িগ্রামের মতো কয়েকটি জেলাও ওই তালিকায় ছিল না। প্রতিবেদনের দাবি, বর্তমান প্রস্তাবেও সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার সেতুগুলো বেশি গুরুত্ব পেয়েছে।
তুলনার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ২০২০ সালের একটি গবেষণাও দেখা যেতে পারে। তবে গবেষণাটি এই ২৫৬ সেতুর প্রকল্প নিয়ে নয়। এটি ছিল সংসদ সদস্যদের জন্য নির্ধারিত আসনভিত্তিক বরাদ্দের অন্য একটি উন্নয়ন প্রকল্প নিয়ে। ওই গবেষণায় ৬২৮টি কাজ পর্যালোচনা করে দেখা যায়, প্রকল্পের তালিকা তৈরিতে সাধারণ মানুষের মতামতের চেয়ে জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের মতামত বেশি গুরুত্ব পেয়েছে। তবে গবেষণায় এটিও বলা হয়েছিল, অধিকাংশ কাজই প্রয়োজনীয় ছিল। মূল সমস্যা ছিল কাজের মান ও জবাবদিহির অভাব।
দুই বক্তব্যের মধ্যে স্পষ্ট অমিল রয়েছে
একজন দর্জি মাপ না নিয়ে জামা বানানোর খরচ ঠিক করতে পারেন না। সেতুর ক্ষেত্রেও বিষয়টি একই রকম। কোথায় কত বড় সেতু প্রয়োজন, তা নির্ধারণের আগে নদীর পানিপ্রবাহ, পরিবেশ, নৌযান চলাচল এবং কত মানুষ উপকৃত হবে, এসব বিষয় যাচাই করা জরুরি। এ জন্যই পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনায় ১০০ মিটারের বেশি দীর্ঘ সেতু নির্মাণের আগে বিস্তারিত সমীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিন্তু এই প্রকল্পের ২৫৬টি সেতুর মধ্যে ৯৮টির সমীক্ষা হয়নি বলে প্রতিবেদনে জানা গেছে। অর্থাৎ, এক-তৃতীয়াংশেরও বেশি সেতুর প্রয়োজনীয়তা ও কারিগরি বিষয় এখনো পুরোপুরি যাচাই করা হয়নি।
|
শুরুতেই সব সেতু নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত না করে সমীক্ষার ফল অনুযায়ী তালিকা সংশোধন করা গেলে অপ্রয়োজনীয় ব্যয় কিছুটা ঠেকানো সম্ভব। |
এলজিইডির বক্তব্য হলো, প্রকল্প অনুমোদনের পর এসব সমীক্ষা করা হবে এবং এর জন্য অর্থও প্রকল্পে রাখা হয়েছে। প্রকল্প পরিচালকও বলেছেন, সমীক্ষায় যেসব সেতুর প্রয়োজনীয়তা প্রমাণিত হবে, সেগুলোই নির্মাণ করা হবে। অন্যগুলো বাদ দেওয়ার সুযোগ থাকবে। যুক্তিটি একেবারে অযৌক্তিক নয়। শুরুতেই সব সেতু নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত না করে সমীক্ষার ফল অনুযায়ী তালিকা সংশোধন করা গেলে অপ্রয়োজনীয় ব্যয় কিছুটা ঠেকানো সম্ভব।
তবে অতীতের অভিজ্ঞতা এখানে সতর্ক হওয়ার কারণ রয়েছে। প্রথম আলোর প্রতিবেদনে ২০১৭ সালে অনুমোদিত একই ধরনের একটি প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। সেই প্রকল্পে ১৩০টি সেতুর মধ্যে ৯৪টির দৈর্ঘ্য ও নির্মাণব্যয় প্রাথমিক অনুমানের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল। পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাস্তব অবস্থার সঙ্গে প্রাথমিক হিসাবের মিল নেই। এর ফলে প্রায় ৩ হাজার ৯২৬ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৫৭ কোটি টাকায়।
নতুন প্রকল্পের সমীক্ষা নিয়েও আরেকটি অসংগতি সামনে এসেছে। এলজিইডি পরিকল্পনা কমিশনকে জানিয়েছে, গত জুলাইয়ে কেডিম্যান ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠান সমীক্ষা করেছে। কিন্তু প্রথম আলোকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন, তাঁরা এই প্রকল্পের কোনো সমীক্ষা করেননি। অন্যদিকে প্রকল্প পরিচালক বলেছেন, একজন প্রকৌশলীকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে। তবে ওই প্রকৌশলীর পরিচয় তিনি জানাননি।
এই দুই বক্তব্যের মধ্যে স্পষ্ট অমিল রয়েছে। বিষয়টির ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এত বড় একটি প্রকল্প অনুমোদনের আগে সমীক্ষা কে করেছে, কী পদ্ধতিতে করেছে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে কোন সেতুগুলো নির্বাচিত হয়েছে, তা পরিষ্কার করা প্রয়োজন ছিল।
আশ্বাস ইতিবাচক। কিন্তু শুধু আশ্বাসে বিষয়টি নিশ্চিত হয় না?
একটি সেতু নির্মাণ করলেই যোগাযোগব্যবস্থার উন্নয়ন হয় না। সেতুর দুই পাশের সংযোগ সড়ক, সড়কের মান এবং নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক থাকাও জরুরি। এই প্রকল্পে প্রায় ৬৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কথা রয়েছে। ২৫৬টি সেতুর হিসাবে ভাগ করলে প্রতিটির জন্য গড়ে প্রায় আড়াই শ মিটার সংযোগ সড়ক পড়ে। এটি আমার নিজস্ব হিসাব। তবে গড় দিয়ে প্রতিটি সেতুর বাস্তব প্রয়োজন বোঝা যায় না। কোথাও সেতুর কাছেই বিদ্যমান রাস্তা রয়েছে, আবার কোথাও সংযোগ সড়কের জন্য আরও অনেক দূর পর্যন্ত নির্মাণকাজ প্রয়োজন হতে পারে।
বাংলাদেশে সংযোগ সড়ক না থাকার কারণে সেতু অকেজো হয়ে পড়ে থাকার নজির রয়েছে। প্রথম আলো ২০০৮ সালের এক প্রতিবেদনে জানিয়েছিল, দেশের ৬২ জেলায় ২ হাজার ৭২৮টি সেতুর কোনো সংযোগ সড়ক ছিল না। অর্থাৎ, সেতু নির্মাণের পরও মানুষ সেগুলো ব্যবহার করতে পারেনি।
নদীর বিষয়টিও কম গুরুত্বপূর্ণ নয়। প্রথম আলোর আরেকটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জেলার ৮০টি নদী ও খালে ২৯০টি ক্ষতিকর সেতু ও কালভার্ট রয়েছে, যেগুলোর কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌপথ বাধাগ্রস্ত হচ্ছে।
| কোনোভাবেই যেন নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত না হয়। |
পরিকল্পনা কমিশনের সচিবও স্বীকার করেছেন, অতীতে সেতু নির্মাণের অভিজ্ঞতা সব সময় সুখকর ছিল না। এ কারণে এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত না হয়। প্রকল্প পরিচালক জানিয়েছেন, নদীর মাঝখানে সেতুর খুঁটি বসানো হবে না। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও নৌপথ সচল রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
এসব আশ্বাস ইতিবাচক। কিন্তু শুধু আশ্বাসে বিষয়টি নিশ্চিত হয় না। সেতুর উচ্চতা, দৈর্ঘ্য, খুঁটির অবস্থান এবং নৌযান চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণে কী ধরনের কারিগরি মানদণ্ড অনুসরণ করা হবে, তা প্রকাশ করা দরকার। এসব তথ্য সামনে থাকলে প্রতিটি সেতুর পরিবেশগত ও নৌপথসংক্রান্ত প্রভাব যাচাই করা সহজ হবে।
এই টাকা অন্য কোথাও গেলে কী হতো?
১৮৫০ সালে ফরাসি অর্থনীতিবিদ ফ্রেডেরিক বাস্তিয়া একটি বিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন। এর মূল বক্তব্য ছিল, কোনো সিদ্ধান্তের শুধু দৃশ্যমান ফল দেখলে হবে না, এর আড়ালে কী হারাতে হচ্ছে, সেটিও হিসাব করতে হবে। অর্থনীতিতে এই ধারণাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ, একটি খাতে টাকা খরচ করার কারণে একই অর্থ দিয়ে অন্য যে কাজগুলো করা সম্ভব ছিল, সেগুলোর সুবিধা হারিয়ে যায়। সেটিও প্রকৃত ব্যয়ের অংশ।
|
২৫৬টি সেতুর হিসাবে প্রতিটির গড় ব্যয় দাঁড়ায় প্রায় ৩১ কোটি টাকা, আর সেতুগুলোর গড় দৈর্ঘ্য প্রায় ১৯০ মিটার। |
এই প্রকল্পে মূল সেতুগুলোর নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার ৮৮৫ কোটি টাকা। ২৫৬টি সেতুর হিসাবে প্রতিটির গড় ব্যয় দাঁড়ায় প্রায় ৩১ কোটি টাকা। আর সেতুগুলোর গড় দৈর্ঘ্য প্রায় ১৯০ মিটার।
গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় বিনিয়োগের সুফল নিয়ে অবশ্য শক্ত প্রমাণ রয়েছে। বিশ্বব্যাংকের একটি গবেষণায় বাংলাদেশের গ্রামীণ সড়ক নির্মাণ ও উন্নয়নের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছিল। সেখানে দেখা যায়, এ ধরনের বিনিয়োগ কৃষি উৎপাদন ও মজুরি বাড়ায়, পরিবহন খরচ কমায় এবং দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এসব উন্নয়নের সুফল তুলনামূলক বেশি পায়।
তবে গবেষণাটি মূলত গ্রামীণ পাকা সড়ক নিয়ে, দীর্ঘ সেতুর অর্থনৈতিক প্রভাব নিয়ে আলাদা করে নয়।
আমার মতে, প্রশ্নটি সেতু নির্মাণ করা উচিত কি না, শুধু তা নয়। বরং একই টাকায় ছোট সেতু, কালভার্ট, বর্ষায় ডুবে যাওয়া সড়ক মেরামত বা হাটবাজার উন্নয়ন করলে কত মানুষ বেশি উপকৃত হতো, সেই তুলনামূলক হিসাব আমি কোথাও প্রকাশিত দেখিনি।
প্রতিটি সেতুর পেছনে একটি পরিষ্কার উত্তর থাকা প্রয়োজন
সরকারের পক্ষেও কিছু যুক্তি রয়েছে। প্রকল্পের প্রস্তাবে বলা হয়েছে, সেতুগুলো নির্মিত হলে হাটবাজার, কৃষিপণ্যের উৎপাদন ও বিপণনকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ সহজ হবে। পরিকল্পনা কমিশনও প্রকল্পটিকে অনুমোদনযোগ্য বলে মত দিয়েছে। তাছাড়া গ্রামীণ যোগাযোগব্যবস্থায় বিনিয়োগের সুফল যে বাস্তবে পাওয়া যায়, তা গবেষণাতেও উঠে এসেছে। তাই শুধু অভিযোগের ভিত্তিতে পুরো প্রকল্পকে অপ্রয়োজনীয় বলা ঠিক হবে না।
তবে প্রকল্পটির স্বচ্ছতা ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তিনটি বিষয় জরুরি।
প্রথমত, কোন মাপকাঠিতে কোন সেতু নির্বাচিত হয়েছে, তা প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, বাকি ৯৮টি সেতুর সমীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সেগুলোর দরপত্র আহ্বান বা ব্যয় চূড়ান্ত করা উচিত নয়। কোন শর্তে সমীক্ষার পর কোনো সেতু তালিকা থেকে বাদ যাবে, সেটিও আগে থেকে লিখিতভাবে নির্ধারণ করতে হবে। তৃতীয়ত, প্রতিটি সেতুর সংযোগ সড়ক ও নদীর ওপর সম্ভাব্য প্রভাবের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে।
সংযোগ সড়ক ছাড়া সেতু যেমন অর্ধেক কাজ, তেমনি যথাযথ যাচাই ছাড়া প্রকল্প অনুমোদনও দায়িত্বের পূর্ণতা নয়। ৮ হাজার ৮৮৮ কোটি টাকা জনগণের অর্থ। তাই প্রতিটি সেতুর পেছনে একটি পরিষ্কার উত্তর থাকা প্রয়োজন: কেন এই জায়গায়, কেন এই সেতু এবং কেন এখনই?
রাকিবুল ইসলাম
রিসার্চার (ফিন্যান্স, ট্রেড ও কমার্স)

