জুলাইয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৯৭তম। উত্তর কোরিয়ার ঠিক পাশেই রয়েছে বাংলাদেশের নাম। বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ৩৫টিতে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা। অথচ চলতি বছরের জুনে ভোটাভুটির মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্রায় চার দশক পর এই পদে ফিরেছে বাংলাদেশ। সেপ্টেম্বরে আজারবাইজানের সঙ্গেও ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে। তবে চুক্তিটি কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য, সাধারণ মানুষের সবুজ পাসপোর্টের জন্য নয়। এখানেই প্রশ্ন, দেশের কূটনৈতিক মর্যাদা বাড়লেও সাধারণ নাগরিকের বিদেশ ভ্রমণ কেন সহজ হচ্ছে না? পাসপোর্টের শক্তি বাড়াতে শুধু আন্তর্জাতিক মঞ্চে সাফল্য যথেষ্ট, নাকি দেশের ভেতরেও কিছু পরিবর্তন দরকার?
৩৫টির তালিকায় আসলে কী আছে, আর কী নেই
প্রথমে বুঝে নেওয়া দরকার, পাসপোর্টের এই র্যাঙ্কিং কীভাবে তৈরি হয়। লন্ডনভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন আইএটিএর তথ্য ব্যবহার করে হিসাব করে, কোন দেশের পাসপোর্টধারীরা কতটি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন। এই হিসাবে ভিসামুক্ত প্রবেশ, গন্তব্যে পৌঁছে ভিসা নেওয়ার সুযোগ এবং অনলাইনে সহজে ভ্রমণ অনুমতি পাওয়ার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকে।
|
বাংলাদেশের ৩৫টি গন্তব্যের তালিকায় ইউরোপের শেনজেনভুক্ত কোনো দেশ নেই। |
তবে আগে থেকে আবেদন করে অনুমোদন নিতে হয় এমন ই-ভিসা এই হিসাবে ধরা হয় না। বাংলাদেশের ৩৫টি গন্তব্যের তালিকায় ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশের সংখ্যা বেশি। বাকি গন্তব্যগুলোর বেশির ভাগ আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশ। ইউরোপের শেনজেনভুক্ত কোনো দেশ এই তালিকায় নেই।
গত বছরের তুলনায় বাংলাদেশ তিন ধাপ এগোলেও বছরের শুরুতে অবস্থান ছিল ৯৫তম, তখন ভিসা ছাড়া বা সহজ শর্তে যাওয়া যেত ৩৭টি গন্তব্যে। র্যাঙ্কিংয়ের আরেকটি সীমাবদ্ধতাও আছে। এখানে প্রতিটি গন্তব্যের মূল্য সমান। ফলে প্রশান্ত মহাসাগরের ছোট কোনো দ্বীপদেশে প্রবেশের সুবিধা আর জাপান বা মালয়েশিয়ার মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গন্তব্যে প্রবেশের সুবিধা একইভাবে গণনা করা হয়। অথচ একজন বাংলাদেশির কাজ, ব্যবসা বা শিক্ষার জন্য এসব দেশের গুরুত্ব এক নয়। তাই শুধু র্যাঙ্কিংয়ে কত ধাপ এগোলাম, সেটি নয়, কোন গুরুত্বপূর্ণ দেশে ভ্রমণ সহজ হলো, সেটিও বিবেচনায় নেওয়া দরকার।
পাসপোর্ট আসলে ধারে চলা ক্রেডিট কার্ডের মত
পাসপোর্টকে অনেকটা ক্রেডিট কার্ডের সঙ্গে তুলনা করা যায়। কার্ডের সীমা যেমন ব্যাংক ঠিক করে, তেমনি একটি দেশের নাগরিকরা কোথায় কত সহজে যেতে পারবেন, তা নির্ধারণ করে অন্য দেশগুলো। ব্যাংক যেমন ঋণ দেওয়ার আগে গ্রাহকের আগের লেনদেন ও ঋণ পরিশোধের ইতিহাস দেখে, তেমনি ভিসা দেওয়ার ক্ষেত্রেও বিদেশি সরকারগুলো বিবেচনা করে, কোনো দেশের নাগরিকেরা ভ্রমণে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসছেন কি না।
বিষয়টি শুধু ধারণার ওপর নির্ভর করে না, আন্তর্জাতিক নীতিতেও এর উল্লেখ রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কোনো দেশকে ভিসামুক্ত সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করার সময় অবৈধ অভিবাসন, জননিরাপত্তা, পর্যটন ও বাণিজ্যের সম্ভাবনা, বৈদেশিক সম্পর্ক, মানবাধিকার এবং পারস্পরিক সুবিধার বিষয়গুলো দেখে।
যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার কর্মসূচিতে যুক্ত হতে হলে পর্যটক ভিসা প্রত্যাখ্যানের হার ৩ শতাংশের নিচে রাখতে হয়। পাশাপাশি ইলেকট্রনিক পাসপোর্ট, হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য আদানপ্রদান এবং নিরাপত্তা সহযোগিতার মতো শর্তও রয়েছে। এই জায়গায় বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ভিসা প্রত্যাখ্যানের হার।
|
২০২৪ সালে শেনজেন ভিসার জন্য বাংলাদেশিদের আবেদনের প্রায় ৫৫ শতাংশ প্রত্যাখ্যাত হয়েছিল, একই সময়ে বিশ্বজুড়ে গড় প্রত্যাখ্যানের হার ছিল প্রায় ১৫ শতাংশ। |
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শেনজেন ভিসার জন্য বাংলাদেশিদের আবেদনের প্রায় ৫৫ শতাংশ প্রত্যাখ্যাত হয়েছিল। একই সময়ে বিশ্বজুড়ে গড় প্রত্যাখ্যানের হার ছিল প্রায় ১৫ শতাংশ। অর্থাৎ বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যানের হার বৈশ্বিক গড়ের তুলনায় অনেক বেশি। এর প্রভাব শুধু একজন আবেদনকারীর ওপর পড়ে না। কোনো দেশের নাগরিকদের ভ্রমণ ও অভিবাসনের সামগ্রিক রেকর্ড বিদেশি সরকারগুলোর সিদ্ধান্তে প্রভাব ফেলে।
পাসপোর্টে প্রযুক্তি এসেছে, কিন্তু আস্থার ঘাটতি কাটেনি
পাসপোর্টের নিরাপত্তা ও প্রযুক্তিগত মানের ক্ষেত্রে বাংলাদেশ একেবারে পিছিয়ে নেই। ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট চালু করে বাংলাদেশ। এতে চিপের মধ্যে পাসপোর্টধারীর বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে। অর্থাৎ নিরাপদ পাসপোর্ট ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি হয়েছে। কিন্তু শুধু উন্নত প্রযুক্তির পাসপোর্ট থাকলেই অন্য দেশগুলোর আস্থা পাওয়া যায় না।
ঢাকা ট্রিবিউনের এক বিশ্লেষণে বিশেষজ্ঞরা অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং বিভিন্ন দেশ থেকে অনথিভুক্ত বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘটনাকে আস্থার সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন। ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের মানবপাচার প্রতিবেদনেও বাংলাদেশকে টায়ার ২ তালিকায় রাখা হয়েছিল। এর অর্থ, মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কিছু উদ্যোগ নিয়েছে, তবে প্রয়োজনীয় সব মান এখনো পূরণ করতে পারেনি।
|
একটি দেশের পাসপোর্টের শক্তি শুধু তার নিজস্ব ব্যবস্থার ওপর নির্ভর করে না; কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি ও ভূরাজনৈতিক অবস্থানও এতে ভূমিকা রাখে। |
এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত ভিসা সেবা সীমিত করেছিল। প্রায় দুই বছর পর ২০২৬ সালের ২৮ জুন দেশটি আবার বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু করে। এই ঘটনাও দেখায়, দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সাধারণ মানুষের ভ্রমণের সুযোগকে সরাসরি প্রভাবিত করতে পারে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের বিশ্লেষণেও বলা হয়েছে, একটি দেশের পাসপোর্টের শক্তি শুধু তার নিজস্ব ব্যবস্থার ওপর নির্ভর করে না; কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি ও ভূরাজনৈতিক অবস্থানও এতে ভূমিকা রাখে।
আমিরাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের যা শেখার আছে
গত দুই দশকে পাসপোর্টের শক্তি বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অগ্রগতি করেছে সংযুক্ত আরব আমিরাত। হেনলির ২০ বছরের হিসাব অনুযায়ী, দেশটি এই সময়ে আরও ১৫৩টি গন্তব্যে ভ্রমণের সুবিধা পেয়েছে।
বর্তমানে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। হেনলির মতে, ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতা এই অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে। তবে শুধু কূটনীতির কথা বললে পুরো চিত্র পাওয়া যাবে না। আমিরাতের শক্তিশালী অর্থনীতি, আন্তর্জাতিক বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্পর্কও দেশটির নাগরিকদের ভ্রমণের সুযোগ বাড়াতে সহায়তা করেছে।
এখান থেকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ভিসা সুবিধা কোনো একবারের কূটনৈতিক সফরের উপহার নয়। এটি দীর্ঘদিনের সম্পর্ক, অর্থনৈতিক গুরুত্ব এবং পারস্পরিক আস্থার ফল। যে দেশের সঙ্গে অন্যদের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক যত বেশি, সেই দেশের নাগরিকদের ভ্রমণের সুযোগ বাড়ানোর আগ্রহও তৈরি হতে পারে।
|
আজারবাইজানের সঙ্গে চুক্তি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ, কিন্তু সাধারণ পাসপোর্টধারীরা এর সুবিধা না পেলে দেশের অধিকাংশ মানুষের ভ্রমণ সহজ হবে না। |
হেনলি আরও বলেছে, উন্নয়নশীল বিশ্বের অনেক দেশ দুর্বল দরকষাকষির ক্ষমতা এবং সীমিত পারস্পরিক ভিসা চুক্তির কারণে পিছিয়ে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি প্রাসঙ্গিক। আজারবাইজানের সঙ্গে চুক্তি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ, কিন্তু সাধারণ পাসপোর্টধারীরা এর সুবিধা না পেলে দেশের অধিকাংশ মানুষের ভ্রমণ সহজ হবে না।
প্রথমে যে দেশগুলোর সঙ্গে আলোচনা করা যেতে পারে
বাংলাদেশের পাসপোর্টের শক্তি বাড়াতে কোন দেশগুলোর সঙ্গে আগে আলোচনা করা উচিত, সেটি নির্ধারণে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে। এটি একটি সম্ভাব্য বিশ্লেষণ, চূড়ান্ত তালিকা নয়। প্রথমত, যেসব দেশ ইতিমধ্যে বাংলাদেশিদের ই-ভিসা দেয়, তাদের সঙ্গে ভিসার শর্ত আরও সহজ করার আলোচনা করা যেতে পারে। দ্বিতীয়ত, যেসব দেশে বাংলাদেশিদের যাতায়াত বেশি এবং ব্যবসা, পর্যটন বা কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেগুলোকে গুরুত্ব দেওয়া দরকার। তৃতীয়ত, যেসব দেশে বাংলাদেশিদের অনিয়মিতভাবে থেকে যাওয়ার অভিযোগ তুলনামূলক কম, সেসব দেশের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া বাস্তবসম্মত হতে পারে।
গালফ নিউজের তালিকায় মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তুরস্ক, কাতার ও ওমানের পাশাপাশি আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ঘানা, তানজানিয়া ও ইথিওপিয়ার মতো দেশেও বাংলাদেশিদের ই-ভিসার সুযোগের কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ এসব দেশে যাওয়ার দরজা পুরোপুরি বন্ধ নয়, তবে আগাম আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া রয়েছে। এই দেশগুলোর সঙ্গে আলোচনা করে ই-ভিসার বদলে সহজতর ভ্রমণ অনুমতি বা পৌঁছে ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা গেলে সাধারণ যাত্রীদের সুবিধা বাড়বে।
|
মালয়েশিয়া ও উপসাগরীয় দেশগুলোর মতো শ্রমবাজারনির্ভর গন্তব্যে ভিসা সহজ করার আগে নিরাপদ ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করা জরুরি। |
পাশাপাশি আজারবাইজানের সঙ্গে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টের জন্য হওয়া চুক্তি সাধারণ পাসপোর্টধারীদের জন্যও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে মালয়েশিয়া ও উপসাগরীয় দেশগুলোর মতো শ্রমবাজারনির্ভর গন্তব্যে ভিসা সহজ করার আগে নিরাপদ ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করা জরুরি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আপাতত প্রত্যাখ্যানের হার কমানো এবং অনিয়মিত অভিবাসীদের ফেরত নেওয়ার সহযোগিতা বাড়ানোই বেশি বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে।
কূটনৈতিক আলোচনার আগে দেশের ভেতরেও প্রস্তুতি দরকার
বিদেশি সরকারের কাছে ভিসা সহজ করার দাবি জানালেই হবে না, বাংলাদেশকে নিজের ব্যবস্থার উন্নতির প্রমাণও দিতে হবে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি স্থায়ী ভিসা ও আন্তর্জাতিক যাতায়াতবিষয়ক সেল গঠন করা যেতে পারে। প্রতিটি দেশের জন্য আলাদা তথ্যভান্ডার থাকবে, যেখানে কত বাংলাদেশি ওই দেশে যান, কতজন ফিরে আসেন, ভিসা প্রত্যাখ্যানের হার কত এবং কী কারণে কাউকে ফেরত পাঠানো হয়, তা নিয়মিত সংরক্ষণ করা হবে।
হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঠিকমতো আদানপ্রদান হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনিয়মিত অভিবাসীদের শনাক্ত ও দেশে ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
|
প্রতি বছর একটি প্রকাশ্য পাসপোর্ট রিপোর্ট কার্ড প্রকাশ করা যেতে পারে, এতে অগ্রগতি কোথায় হচ্ছে আর কোথায় ঘাটতি রয়ে যাচ্ছে, তা বোঝা সহজ হবে। |
২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের একটি কার্যপদ্ধতি তৈরি হয়েছিল, যার আওতায় যৌথ কর্মদলের বৈঠকও হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ভিসা কোডের ২৫ক ধারা অনুযায়ী, কোনো দেশ নিজ নাগরিকদের ফেরত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে কি না, সেটিও ভিসা নীতিতে প্রভাব ফেলতে পারে। তাই এই সহযোগিতা শুধু অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের বিষয় নয়, সাধারণ আবেদনকারীদের জন্য ভিসা সহজ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পাশাপাশি বৈধ শ্রম অভিবাসন ও দক্ষ কর্মীদের বিদেশে যাওয়ার সুযোগ বাড়াতে হবে।
সবশেষে, প্রতি বছর একটি প্রকাশ্য পাসপোর্ট রিপোর্ট কার্ড প্রকাশ করা যেতে পারে। সেখানে ভিসা প্রত্যাখ্যানের হার, ফেরত পাঠানোর সংখ্যা, নতুন ভিসা চুক্তি এবং সাধারণ যাত্রীদের জন্য তৈরি হওয়া সুবিধার তথ্য থাকবে। এতে অগ্রগতি কোথায় হচ্ছে আর কোথায় ঘাটতি রয়ে যাচ্ছে, তা বোঝা সহজ হবে।
র্যাঙ্কিংয়ের চেয়ে বড় বিষয় আস্থা
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। আজারবাইজানের সঙ্গে ভিসা চুক্তিও আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি পদক্ষেপ।
কিন্তু এসব অর্জনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে চুক্তির আওতায় তাঁদের পাসপোর্টকেও আনতে হবে। কারণ বাংলাদেশের পাসপোর্টের শক্তি শুধু কূটনৈতিক বৈঠকে নয়, বিদেশি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে একজন সাধারণ যাত্রী কত সহজে প্রবেশের অনুমতি পাচ্ছেন, তার মধ্যেও প্রকাশ পায়। এ জন্য সরকারের দায়িত্ব কূটনৈতিক যোগাযোগ বাড়ানো, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় তথ্য ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা।
অন্যদিকে যাত্রীদেরও ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখা জরুরি। দুই পক্ষের দায়িত্ব ঠিকভাবে পালন হলেই ধীরে ধীরে বিদেশি দেশগুলোর আস্থা বাড়তে পারে। তাই বাংলাদেশের লক্ষ্য শুধু পাসপোর্ট র্যাঙ্কিংয়ে কয়েক ধাপ এগিয়ে যাওয়া হওয়া উচিত নয়। বরং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোতে ভ্রমণ সহজ করা এবং সেই সুবিধা ধরে রাখার মতো বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করাই বেশি জরুরি।
রাকিবুল ইসলাম
রিসার্চার (ফিন্যান্স, ট্রেড ও কমার্স)

