বাংলাদেশের ওষুধ খাতের গুণগত মান, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা তুলে ধরে শ্রীলঙ্কাকে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এই খাত বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত, যা স্বাস্থ্যসেবায় উচ্চমান নিশ্চিত করতে পারে।
fগত মঙ্গলবার, ৩ জুন, ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। সাক্ষাতে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), শিক্ষা এবং পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি সাম্প্রতিক সময়ে নেওয়া সহযোগিতামূলক নানা উদ্যোগ তুলে ধরেন এবং বাংলাদেশে শ্রীলঙ্কার বিনিয়োগ ও ব্যবসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। তিনি বাংলাদেশের পর্যটকদের শ্রীলঙ্কায় আগ্রহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দুই দেশের পক্ষ থেকেই এই মাসের শেষদিকে নির্ধারিত বাংলাদেশি বাণিজ্য প্রতিনিধিদলের শ্রীলঙ্কা সফরকে স্বাগত জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে ব্যবসায়িক অংশীদারত্বের নতুন দিক উন্মোচিত হবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এছাড়া, গত ২১ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA)-এর ২৪তম মন্ত্রিপরিষদ বৈঠকে অংশগ্রহণের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান শ্রীলঙ্কান হাইকমিশনার।
দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা দ্রুত আয়োজনের ওপরও গুরুত্ব দেন উভয়পক্ষ। এই সাক্ষাৎ দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

