শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের প্রতিষ্ঠান এপেক্স ট্যানারি লিমিটেডের জমির মূল্য নতুন করে পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে কোম্পানিটির জমির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানিয়েছে কোম্পানিটি।
ডিএসইতে দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদের সভায় জমি পুনর্মূল্যায়ন সংক্রান্ত এম/এস জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। গত ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর–ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনকে ভিত্তি ধরে এই পুনর্মূল্যায়ন করা হয়েছে।
কোম্পানিটি জানায়, পুনর্মূল্যায়নের আগে তাদের জমির বইমূল্য (বুক ভ্যালু) ছিল ১৬ কোটি ৯৫ লাখ টাকা। সর্বশেষ মূল্যায়নে জমিটির বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৬৩ লাখ টাকা। ফলে জমির মূল্য বেড়েছে ৩২৭ কোটি ৬৮ লাখ টাকা।
এর আগে এপেক্স ট্যানারি পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণের লক্ষ্যে নিজস্ব কারখানায় আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপনের সিদ্ধান্ত নেয়।
ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানিটি তাদের কারখানা প্রাঙ্গণেই একটি অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করবে। পাশাপাশি একটি ক্রোম রিকভারি প্ল্যান্ট এবং একটি সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় ১২ হাজার থেকে ১৫ হাজার বর্গফুট জায়গা নির্ধারণ করা হয়েছে।
এই আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। প্ল্যান্টটি ট্যানারির ‘ওয়েট ব্লু’ পর্যায় থেকে শুরু করে ‘ফিনিশড লেদার’ উৎপাদন পর্যন্ত প্রতিটি ধাপে সৃষ্ট বর্জ্য শোধনে সক্ষম হবে।
কোম্পানিটি জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত কঠোর পরিবেশগত মানদণ্ড পূরণ করা এবং দেশের প্রচলিত পরিবেশ আইন যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা।

