দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ট্যাক্স বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত হাসপাতালের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “আমাদের ট্যাক্স বাড়াতে হবে। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে।” তিনি জানান, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “দেশে কর্মসংস্থান বৃদ্ধি সরকারের প্রধান অগ্রাধিকার। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানও বাড়বে না। তাই দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার জোর দিচ্ছে। আবারও বলছি, কর্মসংস্থান আমাদের প্রায়োরিটি।”
স্বাস্থ্য খাত নিয়ে মন্ত্রী বলেন, পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় একটি বড় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সময়োপযোগী পদক্ষেপ। হাসপাতালের পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য আলাদা একটি ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

