দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কর বৃদ্ধির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের মূল অগ্রাধিকার।
গতকাল বিকালে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালে ব্যবহারের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, “অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানো অনিবার্য। এটি বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। সরকার দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ জোর দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের জন্য বাংলাদেশ নৌবাহিনী অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর ও ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা ও সদস্য সরফরাজ কাদের রাসেলও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার মানুষ দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। চট্টগ্রামের চিকিৎসা অবকাঠামোও আরও শক্তিশালী হবে।”

