ভূমি সেবায় ফি নিয়ে বিভ্রান্তি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ কমাতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সরকার নির্ধারিত ফি তালিকা এবার প্রকাশ্যে টাঙাতে হবে দেশের সব উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ ফুট × ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয় বলেছে, নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাইনবোর্ডে প্রতিটি সেবার আলাদা ফি উল্লেখ থাকবে, যাতে সেবা নিতে এসে কেউ বিভ্রান্ত না হন।
কোন সেবায় কত ফি:
নামজারি ফি:
কোর্ট ফি: ২০ টাকা
নোটিশ জারি ফি: ৫০ টাকা
রেকর্ড সংশোধন বা হালকরণ ফি: ১,০০০ টাকা
প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি: ১০০ টাকা
সর্বমোট: ১,১৭০ টাকা
খতিয়ানের ফি:
সার্টিফায়েড কপি বা অনলাইন কপি: ১২০ টাকা
ডাকযোগে নিলে অতিরিক্ত ডাকমাশুল: ৪০ টাকা
মৌজা ম্যাপের ফি:
প্রতি শিট: ৫৪৫ টাকা
ডাকযোগে নিলে অতিরিক্ত ডাকমাশুল: ১১০ টাকা
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অর্থ প্রযোজ্য নয়। কেউ অতিরিক্ত টাকা দাবি করলে তা অনিয়ম হিসেবে বিবেচিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবা ফি কেবল অনলাইনে পরিশোধ করতে হবে। নগদ লেনদেন থেকে বিরত থাকার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত ফি দাবি বা অনিয়মের অভিযোগ জানাতে ১৬১২২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

