‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২ মার্চ পালিত হচ্ছে অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬। তবে এবারের দিবস উদযাপনে সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, “২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস পালিত হবে। তবে দিবসের কোনো অনুষ্ঠান বা কর্মসূচি আয়োজিত হবে না। সকল অনুষ্ঠান পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

