সহজ কিস্তিতে উড়োজাহাজের টিকেট কেনার নতুন সুযোগ চালু করেছে নভোএয়ার। এখন যাত্রীরা মাসিক কিস্তিতে সর্বনিম্ন ১ হাজার ৫৬৭ টাকায় রিটার্ন টিকেট কিনতে পারবেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু রিটার্ন টিকেট নয়, সর্বনিম্ন ৫ হাজার টাকার ওয়ানওয়ে টিকেটও কিস্তিতে কেনা যাবে। এই সুবিধায় কোনো অতিরিক্ত চার্জ বা সুদ দিতে হবে না। তবে এই সুবিধা নিতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে টিকেট সংগ্রহ করতে হবে।
নভোএয়ার জানিয়েছে, কিস্তিতে কেনা টিকেটের মূল্য সর্বোচ্চ ছয় মাসে পরিশোধ করা যাবে। এই সুবিধা চালুর জন্য দেশের শীর্ষ কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি।
এছাড়া, মাসিক সর্বনিম্ন ১ হাজার ৮১৮ টাকা কিস্তি পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ নেওয়ার সুযোগও রয়েছে।
এই প্যাকেজে কক্সবাজারে যাওয়া-আসার বিমান টিকেটের সব ধরনের কর অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি হোটেলে থাকার ব্যবস্থা, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসা এবং সেহরি অথবা ইফতারের সুবিধাও দেওয়া হবে।
তবে এই অফার উপভোগ করতে হলে অন্তত দুই জনের জন্য প্যাকেজ কিনতে হবে।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। এতে যাত্রীরা বাড়তি আর্থিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে নভোএয়ার নিয়মিত নতুন সুবিধা চালু করছে বলেও তিনি জানান।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ১৩৬০৩ নম্বরে অথবা ভিজিট করা যাবে https://www.flynovoair.com/

