হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উপলক্ষে আজ বুধবার (৪ মার্চ) সকাল থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যে সরকারি ছুটি থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে আবার শুরু হবে। সেদিন ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আগরতলাভিত্তিক ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার–এর নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, আগেই চিঠির মাধ্যমে জানানো হয়েছিল যে দোল পূর্ণিমা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকবে। সে কারণে আজ বুধবার এ পথে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করেনি। তবে বৃহস্পতিবার সকাল থেকে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে।
আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর বলেন, দোলযাত্রা বা দোল পূর্ণিমা বৈষ্ণব ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ‘হোলি’ নামেও পরিচিত। এ উপলক্ষে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহনকর্মীরা ছুটিতে থাকেন। ফলে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়।
এদিকে আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরী আকাশ জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউজ ও বন্দরের দাফতরিক কাজ নিয়মিত চলছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুস সাত্তার বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে বৈধ কাগজপত্রধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য আখাউড়া-আগরতলা স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। উৎসব ও সরকারি ছুটির দিনগুলোতে এ পথে বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়ে থাকে।

