বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট রিজার্ভ ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৪৮ বিলিয়ন ডলার হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ (BPM-6) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০.৭৬ বিলিয়ন ডলার।
এই পদ্ধতিতে রিজার্ভ গণনা করা হলে প্রকৃত ব্যবহারের উপযোগী রিজার্ভের হিসাব পাওয়া যায়।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩৫.৩২ বিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০.৫৮ বিলিয়ন ডলার।
সেই হিসাবে দুই দিনের ব্যবধানে দেশের মোট রিজার্ভ ০.১৬ বিলিয়ন ডলার বেড়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় এবং বৈদেশিক লেনদেনের কারণে রিজার্ভে এই সামান্য বৃদ্ধি দেখা গেছে।

