মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনায় কোনো ধরনের আকস্মিক পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, নগদের বর্তমান প্রশাসনিক কাঠামো থেকে নতুন ব্যবস্থাপনার কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া ধাপে ধাপে এবং মসৃণভাবে সম্পন্ন করা হবে।
গত বুধবার নগদের প্রশাসক দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গভর্নর এ আশ্বাস দেন। বৈঠকে প্রশাসকরা প্রতিষ্ঠানটির বর্তমান আর্থিক ও প্রশাসনিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বর্তমানে নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোতাসেম বিল্লাহ।
বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গভর্নর নগদের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছেন এবং কোনো ধরনের তাড়াহুড়ো না করে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে মালিকানা হস্তান্তরের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তবে কতদিনের মধ্যে বা কী ধরনের প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন ঘটবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা বা নির্দেশনা দেননি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন গভর্নরের কাছে নগদের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। গভর্নর জানিয়েছেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনি আরও বলেন, বর্তমানে নগদ একটি অন্তর্বর্তী লাইসেন্সের আওতায় পরিচালিত হচ্ছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক নগদের ওপর বিশেষ পরিদর্শন চালায়। সেই পরিদর্শনের পর প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
এই প্রেক্ষাপটে নির্বাচনের মাত্র চার দিন আগে জামায়াতে ইসলামীর সাবেক নেতা মীর কাশেম আলীর ছেলে এবং ঢাকা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ওরফে আরমানের সঙ্গে নগদ বিক্রি নিয়ে একাধিক বৈঠক করেন তৎকালীন গভর্নর। এসব আলোচনার ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি নগদ কেনার আগ্রহ প্রকাশ করে গভর্নরের কাছে একটি চিঠি পাঠান ব্যারিস্টার আরমান।
চিঠিতে তিনি উল্লেখ করেন, নগদ অধিগ্রহণের বিষয়ে এর আগে গভর্নরের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। একই সঙ্গে গভর্নরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকের জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এবং নগদে নতুন করে একটি ফরেনসিক অডিট পরিচালনার অনুমতি চান।
তবে গভর্নর আহসান এইচ মনসুর একটি গণমাধ্যমকে জানান, তিনি মীর আরমানের কোনো চিঠি পাননি। এরপরের দিনই মীর আরমান গভর্নরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক ও জটিলতা তৈরি হয়।
এই পুরো পরিস্থিতির প্রেক্ষাপটেই গত বুধবার নগদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, নগদের ব্যবস্থাপনায় কোনো হঠাৎ পরিবর্তন আনা হবে না এবং সব সিদ্ধান্তই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হবে।

