বিদেশ ভ্রমণ বা প্রবাসে থাকা বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের গন্তব্যে আবারও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সর্বশেষ তথ্য বলছে, বাংলাদেশি কার্ডধারীদের ব্যয়ের শীর্ষে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। আগে এই তালিকার শীর্ষে ছিল ভারত।
বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় ও আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় ছিল সবচেয়ে বেশি। একই সময়ে ভারতেও উল্লেখযোগ্য ব্যয় হলেও তা আর আগের মতো শীর্ষে নেই।
তথ্যে দেখা যায়, ডিসেম্বর মাসে ভারতে বাংলাদেশি কার্ডধারীরা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৬৮ কোটি টাকা ব্যয় করেছেন। এর আগের মাস নভেম্বরে এই ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ৬৯ কোটি টাকা। সার্বিকভাবে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে কিছুটা কমতি এসেছে। নভেম্বর মাসে বিদেশে বাংলাদেশিদের মোট ক্রেডিট কার্ড ব্যয় ছিল ৫১১ কোটি টাকা। ডিসেম্বর মাসে তা কমে দাঁড়ায় ৪৯১ কোটি টাকায়।
ব্যয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড। ডিসেম্বর মাসে দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৬৪ কোটি টাকা ব্যয় করেছেন। আগের মাস নভেম্বরে এই অঙ্ক ছিল প্রায় ৫২ কোটি টাকা। ফলে থাইল্যান্ডে বাংলাদেশিদের কার্ড ব্যয় বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। ডিসেম্বর মাসে দেশটিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয় হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। নভেম্বরে এই অঙ্ক ছিল প্রায় ৪৭ কোটি টাকা।
অন্যদিকে সিঙ্গাপুরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় কমেছে। নভেম্বর মাসে যেখানে ব্যয় ছিল প্রায় ৫৩ কোটি টাকা, ডিসেম্বর মাসে তা নেমে এসেছে প্রায় ৩৭ কোটি টাকায়। ভারতে ডিসেম্বর মাসে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। নভেম্বরে এই ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ৩৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিদেশ ভ্রমণে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ গন্তব্য ছিল ভারত। তবে ২০২৪ সালের ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। একই সঙ্গে ভিসা সংক্রান্ত কঠোরতার কারণে বাংলাদেশিদের ভারত ভ্রমণও কমে যায়। এর প্রভাব পড়েছে ক্রেডিট কার্ড ব্যয়ের পরিসংখ্যানে। ফলে অনেক বাংলাদেশি এখন ভ্রমণ ও কেনাকাটার জন্য অন্য দেশকে বেশি বেছে নিচ্ছেন।
প্রতিবেদনে বিদেশে ডেবিট কার্ড ব্যবহারের তথ্যও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে বাংলাদেশিরা প্রায় ৬২ কোটি টাকা ব্যয় করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ডেবিট কার্ডের মাধ্যমে ব্যয় হয়েছে প্রায় ৪৯ কোটি টাকা। ভারতের ক্ষেত্রে এই ব্যয়ের পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা।

