দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে সরকারি সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডিপো ও প্রধান স্থাপনাগুলো খোলা রাখা হবে, যাতে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
জ্বালানি সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের চাহিদা পূরণ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সচিব শাহিনা সুলতানার স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্তাহিক সরকারি ছুটি শুক্রবার ও শনিবার—এখন থেকে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপোগুলো খোলা থাকবে। এসব কেন্দ্র থেকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে। এতে আরও উল্লেখ করা হয়, দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে জ্বালানি তেল আমদানির কার্যক্রম নিয়মিতভাবে চালু আছে। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন পার্সেল দেশে পৌঁছাচ্ছে এবং সেগুলো দ্রুত সরবরাহ ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে।
এ ছাড়া ডিপোগুলোতে তেল পৌঁছাতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে পরিবহন ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। বিপিসির নির্দেশনা অনুযায়ী সারাদেশে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে ছুটির দিনেও জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং বাজারে কোনো ধরনের অস্থিরতা তৈরি হবে না।

