মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)। সংগঠনটির পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার (১৩ মার্চ) এ বিষয়ে জরুরি আলোচনা করবেন।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব বিশেষ করে এশিয়ার দেশগুলোতে বেশি অনুভূত হচ্ছে, কারণ বিশ্বের সবচেয়ে বড় কাঁচা তেল আমদানিকারক দেশগুলোর বেশিরভাগই এশিয়ায় অবস্থিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণযোগ্য। তবে এশিয়ার অনেক দেশের কাছে এই আশ্বাসের চেয়ে বাস্তব পরিস্থিতিই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
পাকিস্তান থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া পর্যন্ত বহু দেশ ইতোমধ্যে সম্ভাব্য তেল ও জ্বালানি সংকট মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন বলে জানা গেছে।

