চলতি মার্চ মাসের প্রথম ১১ দিনে দেশে ১৯২ কোটি বা ১.৯২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ সময়ে গড়ে প্রতিদিন দেশে ১৭ কোটি ৪৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। সে হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ২০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে থাকা পরিবার-স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন, যার ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি দীর্ঘায়িত হলে ভবিষ্যতে প্রবাসী আয়ের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। আর জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা কোনো এক মাসে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
গত ডিসেম্বর মাসে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। এছাড়া নভেম্বরে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাইয়ে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

