সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোক পালন করা হবে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে শিক্ষাসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে।
রাষ্ট্রীয় শোকের কারণে বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা এখন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। ঢাকা বোর্ড সূত্র জানিয়েছে, পরীক্ষার সময় ও কেন্দ্র আগের মতোই থাকবে। শিক্ষার্থীদের নতুন করে কোনো প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না এবং পরীক্ষার অন্যান্য নিয়ম ও নির্দেশনাতেও কোনো পরিবর্তন আনা হয়নি।
এদিকে শোক পালনের অংশ হিসেবে এই তিন দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া আজ বুধবার ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনীতি অঙ্গনসহ সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের এখানেই যেন পরিসমাপ্তি ঘটল—এমন অনুভূতিই এখন অনেকের কণ্ঠে।

