দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষিত তালিকা অনুযায়ী, পুরো শিক্ষাবর্ষে মোট ৭২ দিনের ছুটি রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—পবিত্র রমজান মাসজুড়ে কলেজ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে উপসচিব মো. আব্দুল কুদ্দুস স্বাক্ষর করেন।
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৫ মার্চ পর্যন্ত।
এছাড়া, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি রাখা হয়েছে। দুর্গাপূজাসহ অন্যান্য পূজা উপলক্ষে আরও ১০ দিনের অবকাশ রয়েছে। একই সঙ্গে তালিকায় ১১ দিনের শীতকালীন ছুটিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে ২০২৬ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরুর সময়সূচি এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ১৫ জুন থেকে। ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ জুলাই থেকে নিয়মিত ক্লাস শুরু করতে হবে।
এদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এসব পরীক্ষার ফলাফল ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ক্ষেত্রে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এছাড়া, ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে দেখা গেছে, আগের বছরের তুলনায় এবারও ছুটি কমেছে ১২ দিন। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরাসহ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি রমজান মাসের অর্ধেকের বেশি সময় বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

