হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশ চেয়ে করা রিট খারিজ করেছে। ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা নেওয়ার পথে আর কোনো বাধা নেই।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এই আদেশ দেন আদালতের বিচারক। এর আগে পরীক্ষার্থীদের পক্ষে রিটটি করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। তারা চাইছিলেন নির্বাচনকালীন এই প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হোক। পিএসসি গত বছরের ২৬ নভেম্বর ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন শুরু হয় ৪ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি। এটি বিগত কয়েক বছরের তুলনায় কম। ৪৭তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন।
এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসনে ২০০ জন ও পুলিশের পদে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।
এবারের প্রিলিমিনারিতে বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলির নম্বর ৫ করে কমানো হয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও নৈতিকতায় ৫ নম্বর বাড়ানো হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের জন্য আগেই শ্রুতলেখক প্রয়োজনীয় নথিসহ আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পিএসসি তাদের নিজস্ব ব্যবস্থায় শ্রুতলেখক নিশ্চিত করবে। কমিশনের রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা শেষ হলে দ্রুত লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

