ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ শিক্ষককে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন!
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

