আজ ১৪ মার্চ (শনিবার) গাণিতিক ধ্রুবক পাই (π)-এর সম্মানে বিশ্ব পাই দিবস পালিত হচ্ছে। পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত এবং এর মান প্রায় ৩.১৪। প্রতিটি বছর ১৪ মার্চ বিশ্বব্যাপী গণিত ও বিজ্ঞানপ্রেমীরা পাই দিবস উদযাপন করে থাকেন।
পাই একটি অসীম এবং পুনরাবৃত্তিহীন সংখ্যা, যার শেষ কোথায় তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এর মান প্রায় ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯… পর্যন্ত জানা গেছে। প্রতি বছর ১৪ মার্চকে ৩/১৪ আকারে দেখানো যায়, তাই ১৯৮৮ সাল থেকে এই দিনটি পাই দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ২০১৯ সালে ইউনেস্কোও পাই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
পাই-এর প্রথম নির্ভুল গণনা করা হয়েছিল খ্রিস্টপূর্ব ২৫০ সালে। বিখ্যাত গ্রিক গণিতবিদ আর্কিমিডিস পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই-এর মান ৩.১৪২৮৫৭ এবং ৩.১৪০৮৪৫-এর মধ্যে নির্ধারণ করেছিলেন। ১৭০৬ সালে গণিতবিদ উইলিয়াম জোনস বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বোঝাতে গ্রিক অক্ষর π ব্যবহার শুরু করেন।
বিভিন্ন বৈজ্ঞানিক ও গাণিতিক গবেষণায় পাই-এর গুরুত্ব অপরিসীম। প্রাচীন ব্যাবিলন ও মিসরের সভ্যতাও বিভিন্ন মাত্রার নির্ভুলতার সঙ্গে পাই ব্যবহার করত। আজও গণিত ও বিজ্ঞানীদের পাই নিয়ে গবেষণা অব্যাহত আছে, যা এর রহস্যময় বৈশিষ্ট্যকে আরও উদ্ভাসিত করে।

