বলিউড ছবি ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে গিয়ে রণবীর সিংহের ফিটনেস ও খাদ্যাভ্যাস নিয়ে করা পরিশ্রম উঠে এসেছে সামনে। ছবির প্রথম দুই পর্বে গুপ্তচর হামজা আলি এবং নতুন পর্বে জসকিরাত সিংহ রাঙ্গির চরিত্রে দেখা যাবে তাঁকে।
ছবির জন্য রণবীরকে চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছে মাত্র ছয় সপ্তাহের মধ্যে। ফিটনেস প্রশিক্ষক মুস্তফা আহমেদ জানান, রণবীরের শুটিং শুরু হওয়ার আগেই তাঁর ওজন ৭৬-৭৭ কেজি থেকে বৃদ্ধি পেয়ে ৮৭-৮৮ কেজি হয়ে গিয়েছিল।
মুস্তফা বলেন, ‘‘হামজা চরিত্রের মধ্যে একটি পাশবিক দিক আছে, যা বাস্তবে ফুটিয়ে তোলার জন্য রণবীরকে ওজন বাড়াতে হয়েছিল।’’ খাদ্যাভ্যাসও সম্পূর্ণ বদলানো হয়েছে। রণবীর দিনে ৩৬০০ থেকে ৪০০০ ক্যালোরি খেতেন, যার মধ্যে ৬০০-৭০০ ক্যালোরি প্রোটিনের জন্য বরাদ্দ থাকত। প্রতিদিন তিনি ২৪০ গ্রাম প্রোটিন নিতেন, প্রধানত মুরগি ও পাঁঠার মাংস।
শুধু খাবার নয়, রণবীর একই সঙ্গে অবিরাম শরীরচর্চা করতেন। দুপুরের বিরতি সময়ে ওয়েট ট্রেনিং ও অ্যাকশন দৃশ্যের মহড়া চলত। মুস্তফা বলেন, ‘‘রণবীর অত্যন্ত বুদ্ধিমান। কীভাবে শরীরের চেহারা ফিরিয়ে আনতে হয়, সেটা তিনি জানেন।’’ ছবির শুটিং দিনে প্রায় ১২ ঘণ্টা চলে, তারপরে আরও ৬ ঘণ্টা মহড়া। সব মিলিয়ে প্রায় ১৮ ঘণ্টা কাজ করতে হত রণবীরকে।

